বিপদের সময়ে পাশে থাকবেন তাঁরা । এমনটাই প্রতিশ্রুতি শোনা যায় নেতা-নেত্রীদের মুখে । পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে বস্তিবাসীর পাশে থাকার আশ্বাস দিয়ে বিজেপি সাংসদ ও বিধায়ক বলেছিলেন তাঁদের পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করতে এলে বুলডোজারের সামনে দাঁড়াবেন তাঁরা । তবে কোথায় কী? যারা আশ্বাস দিয়েছিলেন তাঁরাই তো বেপাত্তা । তাই তাঁদের নামে পড়ল “নিখোঁজ” পোস্টার !
পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করতে এলেই বুলডোজারের সামনে দাঁড়াবেন । কয়েক মাস আগে রাষ্ট্রায়ত্ত কারখানার বিরুদ্ধে হুংকার দিয়ে বস্তিবাসীর পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন বিজেপি সাংসদ সুরেন্দ্রজিত সিং আলুআলিয়া আর বিজেপি বিধায়ক লক্ষণ ঘোরুই । কিন্তু রাষ্ট্রায়ত্ত কারখানা সম্প্রসারনের জন্য উচ্ছেদের প্রাথমিক কাজ শুরু করতেই নিখোঁজ বিধায়ক আর সাংসদ ।
রাষ্ট্রায়ত্ত দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশন সংলগ্ন বস্তি এলাকায় মঙ্গলবার সকালে এমনই পোস্টার ঘিরে শুরু হল রাজনৈতিক চাপানউতোর । বস্তিবাসীদের অভিযোগ, “দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশন কর্তৃপক্ষ যখন উচ্ছেদের নোটিশ দিয়েছিল তখন বস্তিবাসীর পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন বিজেপি বিধায়ক আর সাংসদ । পুনর্বাসন বিহীন উচ্ছেদ করতে এলে বুলডোজারের সামনে দাঁড়াবেন বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন তাঁরা ।
তবে ইতিমধ্যেই উচ্ছেদের কাজ শুরু করেছে রাষ্ট্রায়ত্ত সংস্থা । বস্তি ছেড়ে চলে যাওয়ার জন্য তাঁদের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ আনা হয় । কিন্তু এখন সাংসদ সুরেন্দ্রজিত সিং আলুওয়ালিয়া আর বিধায়ক লক্ষণ ঘোরুই নিখোঁজ হয়ে গেছেন বলে দাবি স্থানীয় বাসিন্দাদের । সেই জন্যই তাঁরা নিখোঁজের পোস্টার দিয়েছেন বলে জানাচ্ছেন ।
বিজেপিকে কটাক্ষ করে জেলা তৃণমূলের সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, “মানুষের পাশে ওঁরা থাকে না, মানুষের সাথে যোগাযোগও রাখে না । ভোটের সময় নানান প্রতিশ্রুতি দেয় কিন্তু ভোট পেরোলেই আর দেখা মেলে না । তাই মানুষ ওদের নিখোঁজ বলেছেন”।
তৃণমূলকে পাল্টা আক্রমণ শানিয়ে বিজেপি সাংসদ সুরেন্দ্রজিৎ সিং আলুয়ালিয়া বলেন,”ওই এলাকার মানুষ সমস্যার কথা তাঁকে জানাননি । অথচ তিনি দুর্গাপুরেই রয়েছেন” । রাজনৈতিক উদ্দেশ্যে নিখোঁজের পোস্টার দেওয়া হচ্ছে তৃণমূলের মদতে, বলে কটাক্ষ করেন তিনি ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

