নবনিযুক্ত পোস্ট মাস্টারের বিরুদ্ধে উঠল গ্রাহকদের টাকা তছরুপের অভিযোগ । এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়িতে । ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির বামনপাড়ার খড়িয়া পোস্ট অফিসে । অভিযোগ পেয়ে মঙ্গলবার সহকারী সুপারিন্টেন্ডেন্ট তদন্তে নামেন । অভিযোগ স্বীকার করে নেন অভিযুক্ত পোস্ট মাস্টার ।
এই প্রসঙ্গে জানা গিয়েছে, আট মাস আগে ওই পোস্ট অফিসের ব্রাঞ্চে পোস্ট মাস্টার হিসেবে যোগ দেন জিৎ সুর । সম্প্রতি কয়েকজন গ্রাহক লক্ষ্য করেন তাদের পাসবইয়ে একাধিক গড়মিল দেখা দিচ্ছে । কারোর কয়েক হাজার, কারোর লক্ষাধিক টাকা হয়ে যাচ্ছে উধাও! অভিযোগ কোথাও নকল সই করে, আবার কোথাও গ্রাহকদের ভুয়ো পাসবই দিয়ে, হাজার হাজার টাকা তুলে নেওয়া হয়েছে ।
বিষয়টি নজরে আসতেই কয়েকজন গ্রাহক পোস্ট অফিসের জলপাইগুড়ি আঞ্চলিক শাখায় অভিযোগ করেন । সেই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার খড়িয়া পোস্ট অফিসের শাখায় তদন্তে যান আঞ্চলিক শাখার সহকারী সুপারিন্টেন্ডেন্ট । এদিন প্রতারিত গ্রাহকরা অভিযুক্ত পোস্ট মাস্টারকে পোস্ট অফিসের ভেতরে আটকে রাখেন বলে জানা যায় ।
সহকারী সুপারিন্টেন্ডেন্ট সব খতিয়ে দেখার পর জানিয়েছেন, “প্রাথমিক তদন্তে গ্রাহকদের অভিযোগের সত্যতা পাওয়া গিয়েছে । অভিযুক্ত পোস্ট মাস্টারকে সাসপেন্ড করার পাশাপাশি বিভাগীয় তদন্তও চলবে” । সেই সঙ্গে প্রতারিত গ্রাহকদের আশ্বস্ত করে তিনি জানিয়েছেন, “গ্রাহকদের টাকা দ্রুত ফেরত দেওয়া হবে” । এদিন সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে অভিযোগ স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত পোস্ট মাস্টার জিৎ সুর । তবে কেন এমন কাণ্ড ঘটলেন তা স্পস্ট হয়নি ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

