পাঁচলা বিধানসভা এলাকায় গ্রামবাসীদের অভিযোগ, সেখানে বিঘার পর বিঘা চাষের জমি দখল করে নেওয়া হচ্ছে। এমনকি জমিতে চাষের জন্য প্রয়োজনীয় জল সরবরাহের কারণে জলাশয় ভরাট করে দেওয়া হচ্ছে। শাসক দলের মদতে এই কাজ হচ্ছে বলে চাষিদের অভিযোগ। প্রতিবাদ করলেই আসছে হুমকি। এমনকি মহিলাদের মারধর করা হয় বলেও অভিযোগ। সোমবার জমি ভরাট করতে এলে মহিলারা লাঠি ও ঝাঁটা হাতে বেরিয়ে এসে প্রতিবাদ করেন। উত্তেজনা ছড়ায় এলাকায়। মহিলারা জানান তাদের পরিবার বহু বছর ধরে ভাগ চাষি হিসেবে চাষবাসের কাজ করে আসছেন। কিন্তু এখানে কারখানা হবে বলে জোর করে চাষের জমি ভরাট করে দেওয়া হচ্ছে।
চাষবাসের জন্য যে জলাশয় থেকে জল নেওয়া হতো সেই রাজার দিঘি নামে সুবিশাল জলাশয় ভরাট করে দেওয়া হয়েছে। ফলে চাষ বন্ধের মুখে।কিভাবে রুটি রুজি যোগাবেন তা বুঝে উঠতে পারছেন না চাষিরা। বিভিন্ন জায়গায় অভিযোগ করেও কোনো লাভ হয়নি। তাই বাধ্য হয়ে আন্দোলনে সামিল হয়েছেন তারা। গন্ডগোলের খবর পেয়ে এদিন পাঁচলা থানা থেকে এলাকায় পৌঁছয় র্যাফ সহ বিশাল পুলিশ বাহিনী। আক্রান্তদের সঙ্গে কথা বলেন পুলিশ প্রশাসনের আধিকারিকরা। সঠিক তদন্তের আশ্বাস দেন। তবে চাষিরা চাইছেন জমি ও জলাশয় আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হোক। সোমবার এলাকায় যান বিজেপি মহিলা মোর্চার কর্মীরা।
চাষীদের অভিযোগ তৃণমূল বিধায়ক গুলশান মল্লিকের মদতে জোর করে এখানে কারখানা করা হচ্ছে। তার অনুগামীরা অশান্তি করছে। উপপ্রধান খলিল আহমেদ দলবল নিয়ে হামলা করেছে বলে অভিযোগ। পাঁচলা কেন্দ্রের বিধায়ক গুলশান মল্লিক বলেন, যারা আন্দোলন করছেন তারা জমির কাগজ দেখাক।খলিলের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেন তিনি এলাকায় জলাশয় তৈরি করার পরিকল্পনার কথা বলেন। বিধায়ক এও বলেন, বিজেপি এটা নিয়ে রাজনীতি করছে। বিজেপি হাওড়া জেলা মহিলা মোর্চা সভানেত্রী পৌলমী আদক শাসক দলের দিকে আঙুল তুলে বলেন এখানেও সন্দেশখালি বানানোর চেষ্টা চলছে। এদিকে এলাকায় যাতে নতুন করে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণে পুলিশ পিকেট বসানো হয়েছে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

