এ এক ব্যতিক্রমী ছবি ! চারিদিকে যখন চলছে ফাল্গুনের প্রথমে হাল্কা শীতের আমেজ, তখন মুর্শিদাবাদের সুতির বংশবাটী এলাকায় শুরু হল দুর্গা পুজো । প্রায় ৩০০ বছরেরও বেশি পুরোনো এই পুজো বসন্তের দুর্গোৎসব । আদতে যা এলাকায় রাজ রাজেশ্বরী পুজো বলেই পরিচিত । এই পুজোকে ঘিরে গ্রামের সকল সম্প্রদায়ের মানুষ মেতে উঠেছেন এলাকায় । শুধু তাই নয় মুর্শিদাবাদের বিশেষ এই দুর্গা পুজোর টানে পার্শ্ববর্তী জেলা বীরভূম, নদিয়া, মালদহ সহ ভিন রাজ্যের ঝাড়খণ্ড,ওড়িশা থেকেও মানুষজন কাতারে কাতারে এসে ভিড় জমবে প্রতিনিয়ত ।
এই রাজ রাজেশ্বরী দুর্গোৎসবকে ঘিরে শুরু হয়েছে বাউল, নাটক ও কবিগানের আসর । তাই সাম্প্রদায়িক সম্প্রীতির মহা মিলন উৎসবে পরিণত হয়েছে এই রাজ রাজেশ্বরী পুজো । বীরভূম জেলা লাগোয়া গ্রাম মুর্শিদাবাদের বংশবাটি । জনসংখ্যা প্রায় কুড়ি হাজার ছুঁই ছুঁই । মাঘী পূর্ণিমা পর্যন্ত চলবে এই পুজো । মুর্শিদাবাদের এই অকাল দুর্গাপুজোর আয়োজন ঘিরে বহু জনশ্রুতি রয়েছে । এই পুজোর টানে শুধু গ্রামের মানুষজন নয় দূর-দূরান্ত থেকে মানুষ এসে ভিড় জমান ।
এই গ্রামের বাসিন্দারা বলেন, “এমন অকাল দুর্গাপুজোর নিদর্শন এই জেলাতে আর দ্বিতীয়টি নেই” । পুজোর প্রথম দিন থেকেই মানুষ এখানে ভিড় জমাতে শুরু করেছে । ভাসানের দিনে গ্রামে প্রায় লক্ষাধিক মানুষের জনসমাগম ঘটে । এই পুজোর সঙ্গে যুক্ত বংশ পরম্পরায় পুরোহিত জানালেন, “শ্রী শ্রী রাজ রাজেশ্বরী মা দূর্গার ষোড়শী রূপ । দশ মহাবিদ্যার তৃতীয় রূপ । দশ মহাবিদ্যা হল কালী, তারা, ষোড়শী, ভূবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, বগলা, মাতঙ্গী, ধূমাবতী ও কমলা । মা রাজ রাজেশ্বরী এখানে শবাসনে বিরাজ করেন । ধরিত্রীকে ধারণ করে আছেন চতুর্মুখী ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর ও ধর্মরাজ । মেদিনীর ওপর শায়িত শব রূপী শিব । শিবের নাভি থেকে প্রস্ফুটিত দুটি পদ্ম । একটি মায়ের দক্ষিণ চরণে । অপরটি মায়ের আসন । যেখানে মা চতুর্হস্তে বিরাজিতা । দুই পাশে দুই সখী । বামে জয়া । ডানে বিজয়া । বাহন হচ্ছে সিংহ এক চালায় দেবীর আবির্ভাব”।
দেবীর পুরোনো মন্দির ভেঙে তৈরি করা হয়েছে নতুন মন্দির । যা উচ্চতায় প্রায় ১১৫ ফুট । এটি বর্তমানে পশ্চিমবঙ্গের অন্যতম উচ্চতম মন্দির হিসাবে পরিগণিত হওয়ার পথে । এদিকে এই বিশাল আকার পুজো চালানোর যাবতীয় খরচ রাজ রাজেশ্বরীর মন্দির কমিটির হাতে থাকা ধানের জমি থেকে শুরু করে, পুকুরের মাছ চাষের টাকা সহ দেবীর নিজস্ব জমিতে হাট বসিয়ে সেই টাকা থেকেই খরচ চলে । পুজোকে কেন্দ্র করে গ্রামের বাসিন্দারা মেতে ওঠেন এই চারদিন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

