নিউজটাইম ওয়েবডেস্ক :
নির্বাচনী বন্ড প্রকল্প মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল নরেন্দ্র মোদী সরকার। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ জানিয়েছে, বেনামি নির্বাচনী বন্ডের ফলে সংবিধানে প্রদত্ত বাকস্বাধীনতার অধিকার ও তথ্য জানার অধিকার লঙ্ঘিত হয়। তাই মোদী সরকারের জারি করা নির্বাচনী বন্ড প্রকল্প অসাংবিধানিক। আর সেই যুক্তিতেই নির্বাচনী বন্ড প্রকল্প খারিজ করে দিল শীর্ষ আদালত।
সেইসঙ্গে সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ জানিয়েছে, কে বা কারা আর্থিক অনুদান প্রদান করেছে, সেই তথ্য হাতে আসার এক সপ্তাহের মধ্যে জনসমক্ষে প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে। অর্থাৎ কারা কত টাকা দিয়েছেন, সেটা এবার প্রকাশিত হতে চলেছে। নির্বাচনী বন্ড মামলায় সর্বসম্মতিক্রমে রায়দান করল সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ।
যে বেঞ্চে আছেন ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি বিআর গাভাই, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপত মনোজ মিশ্র। গত বছরের ২ নভেম্বর সেই মামলার রায়দান স্থগিত রেখেছিল শীর্ষ আদালত।