হাসপাতাল থেকে ছাড়া পেলেন মিঠুন চক্রবর্তী। সোমবার দুপুরে কলকাতার একটি বেসরকারি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন মহাগুরু। হাসপাতাল থেকে বেরিয়ে মিঠুন জানান, তিনি একেবারেই সুস্থ রয়েছেন। এখন কোনও সমস্যা নেই। তবে সমস্যার কারণও উল্লেখ করেছেন তিনি। একই সঙ্গে জানিয়েছেন, আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে পুরোদস্তুর প্রচার করবেন।
বাংলা ছবির শুটিং সেট থেকেই অসুস্থ হয়ে পড়েছিলেন মিঠুন। হাসপাতাল থেকে বেরিয়ে পদ্ম শিবিরের ‘গোখরো’ জানালেন, প্রধানমন্ত্রী তাঁর খবর নিয়েছেন। অসুস্থতার জন্য বকেছেনও। তাঁকে প্রচারের ময়দানে পাওয়া যাবে কি না সেই প্রসঙ্গে মিঠুন স্পষ্টই জানান,” আগামী ১ তারিখ থেকে লাগাতার বিজেপির হয়ে প্রচার শুরু করবো, আমাদের স্টেটের বাইরে অন্য স্টেটে ডাকলেও যাবো।”
সন্দেশখালিতে যাওয়ার আগেই বাধার মুখে পড়েন বিজেপি বিধায়করা। সেই প্রসঙ্গেই মিঠুন বলেন, “শুভেন্দুদাকে আটকালে কী হবে? ও সব ভেঙেচুরে বেরিয়ে যাবে। উনি খুব স্ট্রং লিডার।”
এরপরেই লোকসভার প্রার্থী হওয়া নিয়ে যাবতীয় জল্পনায় জল ঢাললেন মিঠুন নিজেই। জানিয়ে দিলেন, “লোকসভায় প্রার্থী হবো না। আমি প্রার্থী হলে আমার ৪২টা আসন কে দেখবে?”
সন্দেশখালী প্রসঙ্গে বললেন, “The time has come, people must rise. (এবার সময় এসেছে মানুষকে জাগতেই হবে), কেন না যা হচ্ছে is not acceptable (সেটা একদমই মেনে নেওয়া যায় না)।”
তাঁর সঙ্গে দেখা করেছিলেন দেব। দেবের প্রসঙ্গে তিনি বলেন, “দেব এসেছিল দেখা করতে, আমি পলিটিক্যালি কোনও কথা বলব না। আগামী ১৯ তারিখ থেকে শ্যুটিং শুরু করবো।”
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

