দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে পোস্টার রায়গঞ্জে! ফের অস্বস্তি গেরুয়া শিবিরে

আসন্ন লোকসভা নির্বাচনের আগে প্রার্থী নিয়ে আবারও অস্বস্তিতে পড়ল পদ্ম শিবির । এবার সরাসরি রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে পোস্টার পড়ল রায়গঞ্জ শহর জুড়ে । এই ঘটনাকে ঘিরে আবারও তীব্র চাঞ্চল্য ছড়ায় জেলার রাজনৈতিক মহলে ।

এবার সরাসরি দেবশ্রী চৌধুরীকে “বহিরাগত” বলা হয়েছে সেই পোস্টারগুলিতে । “বিজেপিকে চাই, বহিরাগত দেবশ্রী চৌধুরীকে নয়” বলে উল্লেখ করে বিজেপিরই কার্যকর্তাদের তরফে এই পোস্টার বলে উল্লেখ করা হয়েছে । শহরের বিভিন্ন এলাকায় এই পোস্টারে কার্যত ছেয়ে গিয়েছে ।

সামনেই লোকসভা নির্বাচন, আর তার আগে দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে বিজেপির অন্দরে এই কোন্দল আরও স্পষ্ট হল এবার । ইতিমধ্যেই বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী বহিরাগত নয়, ভূমিপুত্র প্রার্থীর দাবিতে রায়গঞ্জ শহরে দন্ডীযাত্রা করেছেন ।

পাশাপাশি রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে ভূমিপুত্র/পুত্রীদের প্রার্থী করার দাবিতে রায়গঞ্জ শহরে একাধিক পোস্টার পড়েছিল বলে জানা যায় । কিন্তু তাতে কারোর নাম সরাসরি উল্লেখ ছিল না । কিন্তু এবারে সরাসরি রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীর নাম উল্লেখ করে এই পোস্টার পড়া নিয়ে জোড় বিতর্ক শুরু হয়েছে ।

বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকারের দাবি, “তৃণমূল ভয় পেয়েছে । তাই তৃণমূলই এই কাজ করেছে” । আবার তৃণমূলের মদতেও কেউ এই কাজ করে থাকতে পারে বলে ক্ষোভ উগড়ে দিয়ে বাম কংগ্রেসের দিকেও কৌশলী ইঙ্গিত করেছেন তিনি । এদিকে তৃণমূলের জেলা নেতৃত্বের পালটা কটাক্ষ, এই কাজ কোনভাবেই তৃণমূল করেনি বরং এটা বিজেপিরই গোষ্ঠী কোন্দলের প্রকাশ ।

কংগ্রেসের জেলা সভাপতি মোহিত সেনগুপ্তও কটাক্ষ করতে ছাড়েননি এই বিষয়ে । তিনি বলেন, “সাংসদ হিসেবে দেবশ্রী চৌধুরী ব্যর্থ বলেই বিজেপিরই একটা অংশের ক্ষোভের বহিপ্রকাশ এটি” । বিজেপির জেলা সভাপতি ও সাংসদ সমালোচনায় প্রকাশ্যে আসতে নিজেরাই একাজ করেছেন বলে দাবি তাঁর ।

তবে লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, ততই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের ক্ষেত্রে বারংবার এই বিজেপির অন্তর্দ্বন্দ প্রকাশ্যে আসায় বিজেপির অন্দরে অস্বস্তী ক্রমেই বাড়ছে তা বলাই বাহুল্য । যদিও এই বিষয়ে ইতিমধ্যেই আইনী পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে বিজেপির জেলা নেতৃত্ব জানিয়েছেন ।

প্রসঙ্গত কয়েকদিন আগেই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে পোস্টার পড়েছিল লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে । পোস্টারে লেখা ছিল,” কেন্দ্রীয় নেতাদের কাছে আবেদন বহিরাগত পরিযায়ী লকেট চট্টোপাধ্যায়কে শ্রীরামপুর লোকসভায় চাপিয়ে দেওয়া চলবে না । তৃণমূলকে হারাতে শ্রীরামপুরের ভূমিপুত্র চাই।”

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube