ফেব্রুয়ারী মাসের শুরু থেকেই রাজ্য জুড়ে ফিরেছে শীতের আমেজ । দুই বঙ্গেই বেশ খানিকটা নেমেছে তাপমাত্রা । যদিও এই শীত আর বেশি দিন স্থায়ী হবে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । আগামী ১০ দিনেই এবছরের মতো পাকাপাকিভাবে বিদায় নিতে পারে শীত ।
আজ রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি নীচে । আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এই মুহূর্তে রাজ্যে উত্তর-পশ্চিমী বায়ু ঢুকছে । এর জেরেই রাজ্যে কমছে তাপমাত্রা । সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম ।
আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের ৬ জেলা বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কিছু অংশে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস । রবিবার এবং সোমবার কোনওরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ৷ মঙ্গলবার থেকেই বদলে যাবে আবহাওয়া । দক্ষিণবঙ্গের ৩ জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । বুধবার সরস্বতী পুজোর দিন আরও বাড়বে বৃষ্টির পরিমাণ । সেদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় ।
এদিকে আগামী সপ্তাহ থেকে বাড়বে তাপমাত্রা । সোমবার থেকেই ধীরে ধীরে বাড়তে শুরু করবে তাপমাত্রা । একধাক্কায় ২-৩ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে রাজ্যে । উত্তরবঙ্গের কোনও জেলায় সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই বলেই খবর । শুধুমাত্র দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় সামান্য বৃষ্টি হতে পারে । ১৪ ফেব্রুয়ারি মালদহে বৃষ্টিপাত হতে পারে ৷ তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

