প্রাথমিক দুর্নীতি মামলায় ফের ইডি তদন্তের গতি নিয়ে প্রশ্ন হাইকোর্টের। প্রাথমিক দুর্নীতির ইডি তদন্তে সন্তুষ্ট নন, জানালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। তাঁর কথায় “যে গতিতে তদন্ত চলছে তাতে সবাই ছাড়া পেয়ে যাবে, ইডি আর কিছুই পাবে না।”
মঙ্গলবার বিচারপতি অমৃতা সিনহার মন্তব্যে উত্তরে ইডির তরফ থেকে জানানো হয়, “এই দুর্নীতির তদন্তে আমরা আরও কিছু সম্পত্তি চিহ্নিত করেছি। বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হবে।” পাল্টা বিচারপতির প্রশ্ন, “বাজেয়াপ্ত করতে এত সময় কেন লাগছে?”
ইডি জানায়, “আমরা কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেছি, তার রিপোর্ট আসবে। আর কোনও সম্পত্তি আছে কিনা সেটাও খোঁজা চলছে। তাই সময় লাগছে।” এরপরেই ইডির এই উত্তরে অসন্তোষ প্রকাশ করে বিচারপতি অমৃতা সিনহা বলেন, “যে গতিতে তদন্ত চলছে তাতে সবাই ছাড়া পেয়ে যাবে, ইডি আর কিছুই পাবে না।” এর প্রতিক্রিয়ায় ইডি জানায়, “প্রতি পদে মামলা হচ্ছে। বিভিন্ন ভাবে তদন্ত ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে।” পাল্টা অমৃতা সিনহার কটাক্ষ, “আপনারা কি ভেবেছিলেন যে সবকিছু খুব মসৃণ হবে ?”
মঙ্গলবার, হাইকোর্টে চাকরি প্রার্থীদের আইনজীবীর আর্জি, “যে ৯৪ জনের চাকরি অবৈধ বলে বাতিল করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ সেখানে নিয়োগ শুরু হোক।” পাল্টা সওয়াল বিতর্কিত চাকরি প্রাপকদের আইনজীবীর,”পুরনো প্যানেল থেকে নিয়োগ করা যায়না। নতুন নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে করতে হয়। আদালত এই নির্দেশ দিতে পারে না।” এই সওয়ালের পরিপ্রেক্ষিতে বিচারপতির মন্তব্য, “আদালত ঠিক করেছে যে এবার বেআইনি চাকরি বাতিল করার প্রক্রিয়া শুরু হবে।”
মঙ্গলবার, এই প্রসঙ্গে সত্যজিৎ রায়ের সোনার কেল্লার প্রসঙ্গ তুললেন সিবিআইয়ের আইনজীবী । বিচারপতি অমৃতা সিনহার উদ্দেশ্যে সিবিআইয়ের আইনজীবী বলেন, “আপনি ইডি কে জিজ্ঞাসা করেছিলেন যে এত সময় কেন লাগছে ? এখানে আমার সত্যজিৎ রায়ের বিখ্যাত সোনার কেল্লার কথা মনে পড়ে যাচ্ছে। সেখানেও গোয়েন্দারা যখন সোনার কেল্লায় যাচ্ছেন তখন তাদের কাঁটা বিছানো পথ পেরিয়ে যেতে হয়েছিল। তারা সত্য অনুসন্ধান করতে পেরেছিলেন। এখানেও আমরা আশাবাদী।” আগামী ১২ ই মার্চ এই মামলার পরবর্তী শুনানি।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

