এবার বাংলার এক পরিযায়ী মৎস্যজীবীর মৃত্যু হল কেরলে । মৃত দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের হারুডপয়েন্ট কোস্টাল থানার পূর্বগঙ্গাধরপুরের বাসিন্দা ৪৫ বছরের হরি দাস । গত রবিবার তাঁর মৃত্যু সংবাদ পৌঁছয় বাড়িতে। আজ, মঙ্গলবার বেলায় হরির মৃতদেহ পৌঁছয় কাকদ্বীপে ।
পরিবার সূত্রে জানা যায়, গত পাঁচ বছরের বেশী সময় ধরে কেরলে মৎস্যজীবী হিসেবে ট্রলারে কাজ করতেন তিনি । চলতি বছরের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে তিনি বাড়ি ফিরেছিলেন । কয়েকদিন বাড়িতে থেকে আবার কেরলে চলে যান তিনি ।
জানা যায়, গত শনিবার কেরলের কোল্লাম জেলার শক্তিকুলাঙ্গার বন্দরে সামুদ্রিক মাছ ধরছিলেন তিনি । সেই সময় ট্রলার থেকে আচমকা নিখোঁজ হয়ে যান হরি । পরদিন রবিবার নদীর জলে ভেসে ওঠে হরির দেহ । ট্রলার থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে বলে স্থানীয় পুলিশের প্রাথমিক অনুমান । হরির সঙ্গে তাঁর দুই ভাই সহ কাকদ্বীপের ৯ জন মৎস্যজীবী ছিলেন । বাড়িতে স্ত্রী, এক ছেলে ও মেয়ে আছেন । ছেলে এবারের মাধ্যমিক পরীক্ষার্থী । বাবার মৃত্যু সংবাদে মাধ্যমিকের মাঝপথে দিশেহারা ছেলে রাজীব দাস ।
প্রসঙ্গত গত কয়েক বছর ধরে দক্ষিণ ২৪ পরগনায় সামুদ্রিক মাছের আকাল দেখা যাচ্ছে । যার ফলে অনেক ট্রলার বন্ধ হয়ে গিয়েছে । কাজের তাগিদে এই জেলার কয়েক হাজার মৎস্যজীবী কেরল সহ দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে মৎস্যজীবী হিসেবে কাজ করছেন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

