প্রাথমিক শিক্ষা সংক্রান্ত যাবতীয় মামলা তাঁর এজলাস থেকে সরিয়ে নেওয়া প্রসঙ্গে মুখ খুললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। জানালেন, কেউ কেউ হয়তো তাঁকে সরানোর জন্য কালীঘাটে গিয়ে পুজো দিয়ে এসেছেন।
গত মঙ্গলবার প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত সমস্ত মামলা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরিয়ে দেন হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। ওই মামলাগুলি এখন বিচারপতি রাজাশেখর মান্থায় এজলাসে পাঠানো হয়েছে। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের হাত থেকে এর আগে স্কুল সার্ভিস কমিশনে নিয়োগের মামলাও সরিয়ে দেওয়া হয়েছে। প্রাথমিক মামলা সরার পর বিচারপতি গঙ্গোপাধ্যায়ের হাতে শিক্ষা সংক্রান্ত আর কোনও মামলা নেই।
তিনদিন পর এজলাসে বসেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। শুক্রবার তিনি মন্তব্য করেন, “মনে হয় প্রাথমিকের জেলা স্কুল পরিদর্শক এবং অন্যান্যরা কালীঘাটে পুজো দিয়ে এসেছেন। গত বছর যখন শ্রম সংক্রান্ত মামলা আমি শুনতাম, তখনও অনেকে দক্ষিণেশ্বরে গিয়ে আমি সরানোর জন্য পুজো দিয়ে এসেছিলেন। বলেছিলেন, মা, এঁকে সরিয়ে দাও। এখন মনে হয় প্রাথমিকের মামলা থেকেও আমাকে সরানোর জন্য পুজো দিয়ে এসেছেন ওঁরা।”
প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ডিভিশন বেঞ্চের বিচারপতি সৌমেন সেনের বেনজির সংঘাত তৈরি হয়েছিল। মেডিক্যালে ভর্তি সংক্রান্ত মামলা নিয়ে সেই সংঘাতে হস্তক্ষেপ করে সুপ্রিম কোর্ট। ওই মামলা শীর্ষ আদালত নিজেদের হাতে নিয়ে নিয়েছে। ঘটনাটি নিয়ে হাই কোর্টের প্রধান বিচারপতি জানান, তিনি লজ্জিত। এর পরেই উচ্চ প্রাথমিকের মামলা থেকে গত মঙ্গলবার সরে দাঁড়িয়েছেন বিচারপতি সেন।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

