শুভেন্দু অধিকারীর সাসপেনশন তুলে নেওয়া হল। আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশনে যোগদান করতে পারবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গত বছর নভেম্বর মাসে বিধানসভার শীতকালীন অধিবেশন থেকে তাঁকে সাসপেন্ড করেছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। কিন্তু বাজেট অধিবেশন শুরুর আগে সেই সাসপেনশন তুলে নেওয়া হয়েছে। তাই বিরোধী দলনেতার বাজেট অধিবেশন যোগদানে কোনও সমস্যা নেই।
আগামী ৮ই জানুয়ারি রাজ্য বাজেট পেশ হবে। বাজেট অধিবেশন শুরু হবে আগামী সোমবার থেকে। অধিবেশন শুরুর আগে নিয়মমতো শুক্রবার বিধানসভায় সর্বদলীয় বৈঠক হয়। সেই বৈঠকে ভারতীয় জনতা পার্টির কোন বিধায়ক ছিলেন না। ছিলেন না বিরোধী অভিনেতা শুভেন্দু অধিকারী।
এনিয়ে বিমান বন্দ্যোপাধ্যায় জানান, “আমি অর্ডার দিয়েছিলাম সেশনের জন্য বা ৩০ দিনের জন্য। এই অধিবেশন আমরা কনটিনিউ করছি। কিন্তু শেষ হয়েছে অধিবেশন ২৮.১১.২০২৩। সেই হিসাবে ৩০ দিন শেষ হয়েছে। তাই আজকের সর্বদল বৈঠক ও কার্য উপদেষ্টা কমিটির বা বি এ কমিটির বৈঠকের জন্য আমন্ত্রণ করেছিলাম। কিন্তু তিনি আসেননি। বিরোধীদের সদর্থক ভূমিকা থাকা উচিত। বিরোধী দলনেতা আচরণ সঠিক করছেন না। তার সংযত হওয়া উচিত। আগের বিরোধী দলের নেতারা তো আসতেন সৌজন্য দেখিয়ে। দরকার পড়লে তারা কথা বলতেন। আজও তো ডাকা হয়েছিল বিরোধী দলনেতাকে।”
উল্লেখ্য, গত বছর নভেম্বর মাসে বিরোধী দলনেতাকে সাসপেন্ড করার পর বিজেপি পরিষদীয় দল অধিবেশনে মুখ্যমন্ত্রীকে বয়কট করার সিদ্ধান্ত নেয়। সেই অধিবেশনে মুখ্যমন্ত্রী উপস্থিত হলে কক্ষ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন গেরুয়া শিবিরের বিধায়করা। এমতাবস্থায় বাজেট অধিবেশনে বিরোধীদল উপস্থিত না হলে তা সংসদীয় গণতন্ত্রে ভাল দেখাত না বলেই মনে করছিলেন বাংলার রাজনীতির কারবারিরা। কিন্তু শেষমেশ শুভেন্দুর সাসপেনশন প্রত্যাহার হয়ে যাওয়ায় বিজেপি পরিষদীয় দল এ বার বিধানসভার বাজেট অধিবেশনে অংশগ্রহণ করবে বলেই খবর। বিধানসভার শীতকালীন অধিবেশনে অসংসদীয় আচরণের অভিযোগ এনে তৃণমূল পরিষদীয় দলের তরফে উপমুখ্যসচেতক তাপস রায় বিরোধী দলনেতাকে সাসপেন্ড করার প্রস্তাব এনেছিলেন। স্পিকার সেই প্রস্তাব গ্রহণ করে তাতে মান্যতা দেওয়ায় সাসপেন্ড হন শুভেন্দু। উল্লেখ্য, সুষ্ঠু ভাবে অধিবেশনের কাজকর্ম পরিচালনা করতেই স্পিকার তাঁর সাসপেনশন প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, ২০২২ সালের বাজেট অধিবেশনে বিরোধী দলনেতা-সহ বিজেপির ছয় জন বিধায়ক সাসপেন্ড হন। সে বার আদালতের হস্তক্ষেপে আবেদনের ভিত্তিতে তাঁদের সাসপেনশন তুলে নেন স্পিকার।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

