গত দুদিন ধরে দক্ষিণবঙ্গে চলছে বৃষ্টি । সকাল থেকে একাধিক জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছে । যদিও শীত বেশ কিছুটা কমেছে । তবে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, তাপমাত্রা বাড়লেও বজায় রয়েছে শীতের আমেজ ।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ বৃহস্পতিবারও রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি চলবে । সকাল থেকে সারাদিন আংশিক মেঘলা থাকবে আকাশ । বৃষ্টি নামতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় । আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ।
আবহাওয়া দফতরের আরও পূর্বাভাস, বর্তমানে বঙ্গোপসাগরের ওপর একটি উচ্চচাপ বলয় তৈরি হয়েছে । বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এরাজ্যে প্রবেশ করেছে । বাংলাদেশের ওপরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে । সেখান থেকেই একটি নিম্নচাপ অক্ষরেখা গাঙ্গেয় এরাজ্য থেকে ওড়িশা পর্যন্ত বিস্তৃর্ত রয়েছে । এর জেরেই বৃষ্টি চলবে বলে জানা যাচ্ছে ।
গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি বেশি । আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে । সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে । আংশিক মেঘলা থাকতে পারে আকাশ । আগামীকালও চলবে বৃষ্টি ।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যে আর বেশিদিন শীত স্থায়ী হবে না । আজ বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান,পূর্ব মেদিনীপুর এবং নদিয়া জেলায় । দক্ষিণবঙ্গের এই সব জেলায় হালকা বৃষ্টি হতে পারে । গতকাল থেকে আজ বাড়বে বৃষ্টির তেজ । তবে ৪ তারিখ থেকে ফের কমে আসবে বৃষ্টির দাপট । যদিও আবহাওয়া বিশেষজ্ঞরা জানাচ্ছেন, খুব ভারি বৃষ্টির সম্ভাবনা নেই ।
আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও । আগামী ২৪ ঘন্টায় সিকিম, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, ও জলপাইগুড়ি উত্তরবঙ্গের সমস্ত জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । শনিবার পর্যন্ত চলবে বৃষ্টি ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

