ধার দেওয়া পাওনা টাকা চাইতে গিয়ে নৃশংসভাবে খুন হতে হল গৌতম জানা নামে এক ব্যক্তিকে । সোমবার ঘটনাটি ঘটে পূর্ব মেদিনীপুর জেলার চন্ডিপুর থানার চৌখালী অঞ্চলের ৭৮ গ্রামে ।
স্থানীয় সূত্রে জানা গেছে গৌতম জানা বেশ কিছুদিন আগে রঞ্জিত মাইতি নামে এক ব্যক্তিকে ব্যবসার জন্য পাঁচ লক্ষ টাকা ধার দিয়েছিলেন । সেই ধার দেওয়া টাকা শোধ দিতে গড়িমসি করেন রঞ্জিত মাইতি । সোমবার সকাল বেলা পাওনা টাকা চাইতে গেলে বিকেলবেলা গৌতম জানাকে আসতে বলে রঞ্জিত মাইতি। এলাকার মানুষের অভিযোগ গৌতম জানা টাকা নিতে রঞ্জিত মাইতির বাড়িতে এলে রঞ্জিত মাইতি ও তার বাবার সুভাষ মাইতি সহ পরিবারের লোকজন তাঁকে বাড়ির মধ্যে নিয়ে গিয়ে নৃশংসভাবে ঠাণ্ডা মাথায় খুন করেন । খুন করার পর বস্তায় পুরে লুকিয়ে রাখে বলেও দাবি স্থানীয় বাসিন্দাদের ।
পরে রাতের দিকে রঞ্জিত মাইতি ও তার পরিবারের আচরণে সন্দেহ হয় এলাকার মানুষের। পরে এলাকার মানুষ রঞ্জিত মাইতির বাড়িতে খোঁজ করে গৌতম জানার মৃতদেহের সন্ধান পায় । এই ঘটনার ফলে এলাকায় উত্তেজনা দেখা দেয় । পরিস্থিতি বুঝে রঞ্জিত মাইতি ও তার পরিবারের লোকজন এলাকা থেকে পালিয়ে যান ।
রাতের দিকে চন্ডিপুর থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসতে গেলে এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়েন । এলাকার মানুষ দোষীদের গ্রেফতারের দাবি করে বিক্ষোভ দেখাতে থাকেন এদিন । পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । তবে এলাকায় উত্তেজনা রয়েছে । পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং পুরো ঘটনার তদন্ত করে দেখছে । তবে এখনও অভিযুক্ত কাউকে গ্রেফতার করা যায়নি ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

