বিহারে পালাবদলের মাঝেই ইডি দফতরে হাজিরা লালুর

জমির বিনিময়ে চাকরির দুর্নীতি মামলায় তলব করা হয়েছিল লালু প্রসাদ যাদবকে। সেই সমন মেনেই সোমবার সকালে পটনায় ইডি দফতরে হাজিরা দিলেন লালু প্রসাদ যাদব। ইডি দফতরের বাইরে বিপুল সংখ্য়ক আরজেডি সমর্থক জমায়েত করেছে। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা।

রবিবারই সরকারের শরিক থেকে বিরোধী দলে পরিণত হয়েছে আরজেডি ৷ সেই ঘটনার ২৪ ঘণ্টা না যেতেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে হাজিরা দিলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আরজেডি সভাপতি লালু প্রসাদ যাদব ৷ চাকরির বদলে জমি কেলেঙ্কারি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে তলব করেছিল ইডি ৷ একই মামলায় তাঁর ছেলে ও বিহারের সদ্য প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকেও তলব করা হয়েছে বলে ইডি সূত্রে খবর ৷ ওই সূত্র জানাচ্ছে যে তেজস্বীকে আগামিকাল মঙ্গলবারই হাজির হতে বলা হয়েছে ।

সোমবার লালু প্রসাদ যাদবের সঙ্গে ইডি অফিসে যেতে দেখা যায় তাঁর কন্যা মিসা ভারতীকে ৷ তিনি সংবাদমাধ্যমকে বলেন, “এটা নতুন কিছু নয়। যাঁরা তাদের (বিজেপি) সঙ্গে আসছেন না, তাঁদের কাছে এই শুভেচ্ছা কার্ড (সমন) পাঠানো হচ্ছে । যখনই কোনও সংস্থা আমাদের পরিবারকে ফোন করে, আমরা সেখানে যাই ও তাদের সঙ্গে সহযোগিতা করি ৷ তাদের প্রশ্নের উত্তর দিই ।” এছাড়া এ দিন পটনায় ইডি অফিসের সামনে আরজেডির অনেক সমর্থক হাজির হয়েছিলেন ৷ তাঁরা সেখানে বিজেপির বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন ৷

প্রসঙ্গত, গত গত ১৯ জানুয়ারি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা লালু প্রসাদ যাদব ও তাঁর ছেলে তেজস্বী যাদবকে সমন পাঠিয়েছিল। পটনায় রাবড়ি দেবীর বাড়িতে গিয়ে সেই সমন দিয়ে আসা হয়। ওই সমনে ২৯ ও ৩০ জানুয়ারি লালু প্রসাদ ও তেজস্বীকে হাজিরা দিতে বলা হয়েছিল।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube