বনহুগলীতে স্কুলে ঢুকে শিক্ষক ও শিক্ষিকাদের মারধর করার ঘটনায় দুই তৃণমূল কর্মীকে গ্রেফতার করল নরেন্দ্রপুর থানার পুলিশ । আজ, রবিবার তাদের বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয় ।
অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ । এই ঘটনায় মহেশ্বর নাড়ু ও সনু মন্ডল নামে দু’জনকে এলাকা থেকে গ্রেফতার করা হয় । ধৃত দুই তৃণমূল কর্মী জানান তারা এই ঘটনার সাথে জড়িত নন এবং এই ঘটনার সময় তারা ঘটনাস্থলে ছিলেন না । তাদেরকে ফাঁসানো হচ্ছে বলেও দাবি করেন অভিযুক্তরা ।
স্কুলে হামলার ঘটনায় প্রধান শিক্ষক সৈয়দ ইমতিয়াজ আহমেদ, বনহুগলী ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য অলোক নাড়ু, পঞ্চায়েতের সদস্য ও বনহুগলী তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আকবর আলি খান ও স্কুলের পরিচালন কমিটির সদস্য মনিজুর রহমানের নাম দিয়ে থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত শিক্ষকরা । যাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে তাদের কেউ এখনও পর্যন্ত গ্রেফতার হয়নি বলে জানা যায় ।
এই ঘটনায় স্কুলের এক ছাত্রীকে যৌন নির্যাতন করার ঘটনায় অভিযুক্ত শিক্ষককে এখনও পর্যন্ত গ্রেফতার না করায় ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা এবং অভিভাবকরা । অবিলম্বে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করার দাবি জানিয়েছেন তাঁরা । এই ঘটনার তদন্তে নরেন্দ্রপুর থানায় আসেন বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি । উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক ফিরদৌসী বেগম । বৈঠক শেষে তিনি বলেন, “এই ঘটনায় যারাই জড়িত তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে”। অন্যদিকে জেলার পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি জানান, “ঘটনার তদন্ত চলছে; দু’জনকে গ্রেফতার করা হয়েছে” ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

