বাঁকুড়া শহরে ফের উঠছে পুকুর ভরাটের অভিযোগ । স্থানীয় বাসিন্দাদের দাবি, পুরসভাকে জানিয়েও হয়নি কোনও লাভ । অগত্যা রবিবার আন্দোলনের পথে নামতে বাধ্য হলেন স্থানীয় বাসিন্দারা ।
ফের বাঁকুড়া শহরে কার্যত পুরসভার নাকের ডগায় বেআইনি ভাবে পুকুর ভরাটের অভিযোগ উঠল মালিক পক্ষের বিরুদ্ধে । স্থানীয় বাসিন্দারা বারেবারে স্থানীয় কাউন্সিলারকে অভিযোগ করলেও পুরসভা কোন ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ আনছেন তাঁরা । স্বাভাবিক ভাবেই পুরসভার একাংশের মদতের অভিযোগও উঠেছে । যদিও পুরসভা সমস্ত অভিযোগ অস্বীকার করে দাবি করে, ইতিমধ্যেই কাজ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিনের ঘটনায় জানা যাচ্ছে, বাঁকুড়া পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের লোহার পাড়া ও বাগদী পাড়া এলাকায় রয়েছে তালাপুকুর নামের বড়সড় এলাকার একটি পুকুর । কয়েক শতক ধরে ওই এলাকার কয়েক হাজার মানুষ দৈনন্দিন ব্যবহারের জন্য ওই পুকুর ব্যবহার করে আসছে । কিন্তু সম্প্রতি বাইরে থেকে লরিতে করে মাটি এনে মালিকপক্ষ ওই পুকুরের একাংশ ভরাট করছে বলে অভিযোগ ওঠে ।
পুকুরের পাড়ে থাকা বেশ কিছু গাছ কেটে ইতিমধ্যেই পুকুরের মধ্যে ফেলা হয়েছে । পুকুরের পাড়ের ধারে জলাভূমির একাংশ বাঁশের ব্যারিকেড করে সেই অংশে ফেলা হচ্ছে কেটে ফেলা গাছের ডাল, মাটি ও অন্য জায়গা থেকে নিয়ে আসা আবর্জনা । ইতিমধ্যেই পুকুরের জলার একাংশ ভরাট করে সেই জায়গা সমতল করে দেওয়া হয়েছে । স্থানীয়দের দাবি, পুকুর ভরাট করে সেই জায়গা চড়া দরে বিক্রি করার উদ্যেশ্যেই এই কাজ করে চলেছে মালিকপক্ষ ।
বিষয়টি এলাকার মানুষ বারেবারে বাঁকুড়া পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলারকে জানানোর পরও পুরসভার তরফে কোন ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের । আর এখানেই পুকুর ভরাটে পুরসভার মদতের অভিযোগ তুলছেন স্থানীয়রা । এলাকাবাসীর তোলা পুকুর ভরাটের অভিযোগ মানতে চায়নি পুকুরের মালিকপক্ষ । তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে পুকুরের পাড় ভেঙে পড়েছে । সেই পাড়ই সংস্কার করা হচ্ছে । পুকুর ভরাটের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলেই উড়িয়ে দিয়েছেন তিনি । পুরসভা এই পুকুর ভরাটের ঘটনায় মদতের অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, ইতিমধ্যেই পুকুর ভরাটের অভিযোগ মিলেছে; সেই অভিযোগের ভিত্তিতে মালিকপক্ষকে কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

