জয়নগরে শুরু হল মোয়া উৎসব

দু’দিন ব্যাপী মোয়া উৎসবের সূচনা হল শনিবার সন্ধ্যায় । দক্ষিণ ২৪ পরগনার জয়নগর ১ নম্বর ব্লকের দক্ষিণ বারাসত শিবদাস আচার্য্য স্কুল প্রাঙ্গনে এই মোয়া উৎসবের সূচনা করেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস । এছাড়াও এই উৎসবের অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান সুকুমার হালদার, জয়নগর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি, বিডিও সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ।

নানা স্বাদের, নানা ধরনের জয়নগরের মোয়া, নলেন গুড় থেকে শুরু করে পাটালির সম্ভার ও নানা ধরনের শীতকালীন মিষ্টির সম্ভার রয়েছে এই মোয়া উৎসবে । বারুইপুর প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত এই উৎসব এবার দ্বিতীয় বর্ষে পদার্পণ করল ।

শীতে ভোজন রসিক বাঙালির অন্যতম আকর্ষণ জয়নগরের মোয়া । কনকচূড় ধানের খই ও নলেনগুড়ের মিশ্রণে তৈরি হয় এই অসাধারণ শীতকালীন মিষ্টি । সীতাভোগ, মিহিদানা যদি হয় বর্ধমান জেলার সেরা মিষ্টি, তেমনই দক্ষিণ ২৪ পরগনা জেলার সেরা মিষ্টি এই জয়নগরের মোয়া । শুধু রাজ্য নয়, দেশের বিভিন্ন প্রান্ত এমনকি বিদেশেও এই মোয়ার ব্যাপক চাহিদা রয়েছে । সেই কথা মাথায় রেখেই এই মোয়া বর্তমানে মিলছে অনলাইনেও । তাছাড়া যারা ডায়বেটিস রোগে আক্রান্ত সেই সমস্ত মানুষদের কথা মাথায় রেখে “নো অ্যাডেড সুগার” মোয়াও এবার মিলছে এই মোয়া উৎসবে ।

তবে মোয়ার আকাশ ছোঁয়া জনপ্রিয়তা থাকলেও এই মোয়া শিল্প ধীরে ধীরে শেষ হয়ে যেতে বসেছে । কারণ একদিকে যেমন কমছে খেজুর গাছের সংখ্যা, তেমনই বর্তমান প্রজন্ম শিউলির পেশায় আসতে চাইছেন না । ফলে গাছ থেকে রস সংগ্রহ ও তা থেকে সুমিষ্ট নলেন গুড় তৈরি করা সম্ভব হয়ে উঠছে না । তাই এই শিল্পকে বাঁচিয়ে রাখতে নতুন করে খেজুর গাছ রোপণ করা এবং বর্তমান প্রজন্মকে এই শিউলির কাজে উৎসাহিত করে এই পেশায় উদ্বুদ্ধ করতে উদ্যোগী হয়েছে বারুইপুর প্রেস ক্লাব ।

সেই চিন্তাধারায় দু’দিনের এই মোয়া উৎসবের আয়োজন করা হয়েছে । ইতিমধ্যেই উৎসব প্রাঙ্গনে মানুষের ঢল নেমেছে । স্টলে ঘুরে ঘুরে মোয়া চেখে দেখে কেনাকাটাও শুরু করেছেন মানুষজন । সব মিলিয়ে জমে উঠেছে মোয়া উৎসব ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube