“মমতাকে ছাড়া ইন্ডিয়া জোট কল্পনা করা যায় না” ড্যামেজ কন্ট্রোল কংগ্রেসের

নিউজটাইম ওয়েবডেস্ক : বুধবার বর্ধমানে উড়ে যাওয়ার আগে ‘ইন্ডিয়া’ জোট নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বর্ধমানে যাওয়ার পথে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে প্রশ্ন করা হলে তিনি একরাশ ক্ষোভ উগরে দিয়ে বলেন, “আমরা ইন্ডিয়া জোটে আছি। কখনও একবারও জানিয়েছে, দিদি আমি আপনার রাজ্যে যাচ্ছি? না, জানায়নি। তাই বাংলার ব্যাপারে আমার সঙ্গে কোনও সম্পর্ক নেই। অল ইন্ডিয়ায় কী করব না করব আফটার ইলেকশন ভাবব। আমরা সেকুলার পার্টি। আমরা বিজেপিকে হারানোর জন্য যা করার করব। এটা এখন কোনও চর্চা নেই, মিথ্যে কথা। অ্যাবসোলিউটলি রং।”

এরপরেই তড়িঘড়ি মাঠে নামেন কংগ্রেস নেতৃত্ব । সাংবাদিক বৈঠকে কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা মিডিয়া ইনচার্জ জয়রাম রমেশ বলেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন, আমরা বিজেপিকে হারাতে চাই। বিজেপিকে হারাতে আমরা সব কিছু করব। রাস্তাটা অনেক লম্বা। চলার পথে মাঝে মাঝে স্পিড ব্রেকার আসে, লাল আলো আসে। আমরা থমকে যাই। তবে আমরা একেবার থেমে যাই না। স্পিড ব্রেকার টপকে যাই। লাল আলো এক সময় সবুজ হয়। এটাও সেই রকম ঘটনা। রাহুল গান্ধী জানিয়েছেন, মমতাজি এবং তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটের একটি শক্তিশালী স্তম্ভ।” তিনি আরও বলেন, “মমতাজি ছাড়া আমরা ইন্ডিয়া জোটের কথা কল্পনাও করতে পারি না। ইন্ডিয়া জোটের শরিকরা বাংলাতেও জোট বেঁধেই লড়াই করবে। আলোচনা চলছে। শিগগিরই আসন নিয়ে রফাসূত্র বের হবে।”

প্রসঙ্গত, এর আগে ২২শে জানুয়ারি সংহতি মিছিলের দিনেও মমতা বন্দ্যোপাধ্যায় ‘ইন্ডিয়া’ জোট নিয়ে অসন্তোষ প্রকাশ করেন । একই সঙ্গে লোকসভায় কংগ্রেসের আসন সমঝোতা নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী । তারপরেই রাহুল গান্ধী জানিয়েছিলেন, মমতার সঙ্গে তাঁর সম্পর্ক খুবই ভাল ।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube