পুরসভার জনবহুল এলাকাতেও দিন রাতে চলছে পুকুর ভরাট । ঘটনাটি প্রকাশ্যে চললেও ভয়ে প্রতিবাদ করার সাহস পান না বাসিন্দারা । উত্তর ২৪ পরগনার হাবড়াতে ঘটে চলেছে এমনই ঘটনা ।
হাবড়া শহরের পুরনো পুকুর ভরাট করছে কিছু অসাধু ব্যক্তি। প্রকাশ্য দিবালোকে যেমন ভরাট চলছে তেমনই রাতের অন্ধকারেও চলছে মাটি দিয়ে বড় বড় পুকুর ভরাট করার কাজ । হাবড়ার হাটথুবা, কামারথুবা , এক নম্বর ওয়ার্ডের ডহরথুবা ও ৪ নম্বর ওয়ার্ডের সপ্তপল্লী এলাকাতে ভরাটের কাজ চলছে ।
স্থানীয় বাসিন্দারা বলছেন ৫০ থেকে ৬০ বছর ধরে যে পুকুর তাঁরা দেখে আসছেন এক সপ্তাহে সেই পুরনো জলভরা পুকুর ভরাট করে দেওয়া হচ্ছে । তাতে কার্যত বাস্তুতন্ত্র নষ্ট হচ্ছে । স্থানীয় বাসিন্দারা জানান হাবড়া পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের সপ্তপল্লীতে যেখানে পুকুর ভরাট করা হল সেই এলাকা প্রতি বছর বর্ষার সময় বৃষ্টির জলে জলমগ্ন হয় । পুকুর থাকার ফলে কিছুটা হলেও সেটির জল ধারণ ক্ষমতা ছিল । তবে এবার বর্ষায় কী হবে তা তাঁরা জানেন না ।
এই বিষয়ে হাবড়া পুরসভার পুরপ্রধান নারায়ণ চন্দ্র সাহা জানান, “দুই জায়গা থেকে স্থানীয় বাসিন্দারা আমাদের কাছে অভিযোগ করেছেন ।আমরা BL & LROকে লিখিতভাবে অভিযোগ করে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিতে বলেছি” । এ বিষয়ে হাবড়া ১ নম্বর ব্লকের BL & LRO মুনমুন দাস জানা্ “পুরসভার তরফে অভিযোগ পেয়েছি, আমরা বিষয়টি খতিয়ে দেখছি” ।
অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকার লোকজন বা স্থানীয় কাউন্সিলর পুকুর ভরাটের বিষয়ে সব জানেন । প্রশ্ন উঠছে, এরপরেও কিভাবে অবাধে চলছে এই ভরাটের কাজ ? অতীতে পুকুর ভরাট রুখতে উদ্যোগী হতে দেখা গিয়েছিল পুরসভা ও বিএলআরওকে । ভরাট হওয়া পুকুরের মাটি তুলে পুকুরকে পুনরায় আগের অবস্থায় ফেরত দিতেও দেখা গিয়েছিল ।তবে এখন যত্রতত্র যে পুকুর ভরাট চলছে সে বিষয়ে কতটা উদ্যোগী হয় পুরসভা বা প্রশাসন সেটাই এখন দেখার ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

