২২শে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিনেই রাজ্যে সংহতি মিছিলের ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । দেশে হিন্দু দেবতার প্রতিষ্ঠা নিয়ে মাতামাতির মাঝেই রাজ্যে সর্ব ধর্ম সমন্বয়ে হবে ‘সংহতি মিছিল’ তেমনই জানিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো ।
তৃণমূল সূত্রে খবর, সোমবার কালীঘাট থেকে বেলা তিনটে নাগাদ বেরবেন মুখ্যমন্ত্রী। প্রথমে কালীঘাট মন্দিরে পুজো দেবেন মমতা । তারপর হাজরা মোড়ে আসবেন তিনি। সেখানে মিছিলে যোগ দেবেন তৃণমূল সুপ্রিমো। এরপর হাজরা মোড় থেকে বালিগঞ্জ ফাঁড়ির উদ্দেশ্যে রওনা দেবেন। পথে হাজরা ল কলেজের সামনে থেকে স্কুটিতে চড়ে তিনি যাবেন গুরুদুয়ারায়। সেখানে চাদর চড়াবেন তিনি। এরপর পার্ক-সার্কাসের একটি গির্জায় ফুল দেবেন মমতা। তারপর লেডি ব্রেবোর্ন কলেজের পাশে একটি মসজিদে প্রার্থনা করবেন। এরপর সংহতি সভায় যোগদান করবেন।
এ দিনের, মমতার সংহতি যাত্রায় সঙ্গে থাকার কথা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। যদিও অভিষেকের যোগদান নিয়ে প্রথমে জল্পনা ছিল। পরে জানা যায় মিছিলে থাকবেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক ।
প্রসঙ্গত, সোমবার অযোধ্যায় রাম-মন্দিরের উদ্বোধন হয়েছে। আর বাংলায় সম্প্রীতির বার্তা দিতে পথে নামছেন মুখ্যমন্ত্রী । দুপুর তিনটে থেকে নিজের কর্মসূচি শুরু করবেন তৃণমূলনেত্রী। এর আগে মমতা বলেছেন, তিনি রাম-মন্দিরের উদ্বোধন নিয়ে কিছুই বলবেন না। তিনি বলেছেন, “ধর্ম যার যার, উৎসব সবার। আমি সর্বধর্ম সমন্বয়ের মিছিল করছি। সেখানে থাকবেন সমস্ত ধর্মের মানুষ। তাঁদের প্রত্যেককে শ্রদ্ধা জানিয়ে হবে আমাদের কর্মসূচি।”
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

