“দয়া করে কেউ কলকাতায় আসবেন না”, কেন সভায় আসতে বাধা দিচ্ছেন নওশাদ?

নিউজটাইম ওয়েবডেস্ক : আগামী ২১শে জানুয়ারি আইএসএফ-এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে চেয়েছিল আইএসএফ । যদিও অনুমতি পায়নি তাঁরা । এরপরেই সভার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় আইএসএফ । প্রথমে শর্তসাপেক্ষে ভিক্টোরিয়া হাউজের সামনে আইএসএফ দলকে সভা করার অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট। আগামী ২১ শে জানুয়ারি ভিক্টোরিয়া হাউস এর সামনে আইএসএফের প্রতিষ্ঠা দিবসে সভা করার অনুমতি দিয়েছিল বিচারপতি জয় সেনগুপ্তর সিঙ্গেল বেঞ্চ ।

এরপরেই সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতির দ্বারস্থ হয় রাজ্য সরকার । পরে সিঙ্গেল বেঞ্চের রায় খারিজ করে ডিভিশন বেঞ্চ । শর্ত সাপেক্ষেও সভা করা যাবে না ভিক্টোরিয়া হাউসের সামনে জানিয়ে দেয় কলকাতা হাইকোর্ট । সভার স্থান পরিবর্তন হয় আইএসএফের ।

এরপরেই বেজায় চটেছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি । শনিবার সভার আগের দিন সাংবাদিকদের সামনে ‘আশঙ্কার’ কথা বলেন নওশাদ । নওশাদের দাবি ২১এর সভায় আগত কর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে কলকাতা পুলিশ। নওশাদের কথায়, “আমাদের কাছে খবর আছে। যাতে আদালতে আমাদের বিরুদ্ধে কোর্টের নির্দেশ লঙ্ঘন করার অভিযোগ করতে পারে। সেটা ওরা করবেই। দয়া করে কেউ কলকাতায় আসবেন না। যাঁরা বাস, গাড়ি ভাড়া করেছেন, বাতিল করুন। ট্রেনের টিকিট বাতিল করুন।”

আদালতের নির্দেশকে সম্মান জানিয়েই নওশাদ সিদ্দিকীর হুঁশিয়ারি, ভিক্টোরিয়া হাউজের সামনে আগামিদিন সভা হবেই। একইসঙ্গে তিনি বলেন, তৃণমূল যত এরকম করবে, ততই আইএসএফের ব্যাপ্তি বাড়বে। নওশাদের কথায়, “আমাদের সভা বাতিল করতে এজি দাঁড়িয়েছেন, এটাই তো আমাদের জয়। আদালতের নির্দেশ আমরা মানবই। আইনের প্রতি আমাদের ভরসা আছে।” ২১ জানুয়ারি নওশাদের দল ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট বা আইএসএফের প্রতিষ্ঠা দিবস। এদিন তাঁরা ভিক্টোরিয়া হাউজের সামনে সভা করতে চেয়েছিলেন। কিন্তু পুলিশ তাতে অনুমতি দেয়নি। এ নিয়ে আদালতে মামলা হয়।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube