রাম মন্দির প্রতিষ্ঠার আগে নজরুল ইসলামের গান পোস্ট করে কী বার্তা দিতে চাইলেন মোদী?

হাতে মাত্র আর দু’দিন । অযোধ্যায় সাজো সাজো রব । সেই সঙ্গে সেজে উঠেছে গোটা দেশও । রাম মন্দির প্রতিষ্ঠার দিকে তাকিয়ে আছে গোটা বিশ্ব । শুক্রবারেই সকলের সামনে এসেছে প্রভু রামের অবয়ব । এরই মাঝে কাজী নজরুল ইসলামের গান নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । শনিবার সকালে তাঁর করা ওই পোস্টে শোনা যাচ্ছে, কাজী নজরুল ইসলামের গান। বাংলা গানের মাধ্যমে প্রধানমন্ত্রী কোনও বিশেষ বার্তা দিতে চাইলেন বলেও মনে করছে রাজনৈতিক মহল।

এক বাঙালি শিল্পী পায়েল করের কন্ঠে কাজী নজরুল ইসলামের ‘মন জপ নাম’ গানের একটি ভিডিও পোস্ট করেছেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে লিখেছেন, “পশ্চিমবঙ্গে মানুষের রামের প্রতি শ্রদ্ধা অপরিসীম।” মন জপ নাম হল নজরুলের একটি গান, যেখানে রঘুপতি তথা রামের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। গানের কথায় রামচন্দ্রের রূপ বর্ণনা করা হয়েছে।

উল্লেখ্য, ২২ জানুয়ারি যখন অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হবে তখন বাংলায় হবে সম্প্রীতি মিছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ওই মিছিলের আয়োজন করা হয়েছে। কলকাতা ছাড়াও প্রতিটি জেলার ব্লকে ব্লকে হবে সেই সম্প্রীতি যাত্রা। রাম মন্দির উদ্বোধনের দিন মমতার এই উদ্যোগ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে বিভিন্ন মহলে। তার মাঝেই প্রধানমন্ত্রীর এহেন পোস্ট বাংলার মানুষদের ভাবাবে বলেই অধিকাংশের ধারণা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube