ফের মধ্যযুগীয় বর্বরতা ছবি আজও অব্যাহত । এবার এক পরিবারকে সরাসরিভাবে সামাজিক বয়কট করার অভিযোগ উঠল গ্রামেরই মাতব্বরদের বিরুদ্ধে । এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে স্থানীয় এলাকায় । পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১নম্বর ব্লকের বারিদা গ্রাম পঞ্চায়েতের বর্তনা গ্রামের ঘটনা ।
স্থানীয় সূত্রের খবর, বর্তনা গ্রামের এক মহিলার পরিবারকে গ্রামবাসীরা মিলে বয়কট করে রেখেছে বলে অভিযোগ উঠছে । অভিযোগকারীর দাবি, তাঁর এক প্রতিবন্ধী বোন দীর্ঘদিন তাঁদের বাড়িতেই থাকতেন । ওই প্রতিবন্ধী বোন মারা যাওয়ার আগে অভিযোগকারী মহিলার নামে একটি ৪ ডেসিমেল জায়গা দানপত্র করে যান । ওই প্রতিবন্ধী বোন মারা যাওয়ার পর অভিযোগকারীর ভাইয়েরা ওই জায়গা দখল নেওয়ার লক্ষ্যে স্থানীয় তৃণমূল নেতাদের দিয়ে প্রভাব খাটিয়ে তাঁর পরিবারকে সামাজিক বয়কট করেছেন ।
চাষের জমিতে জল বন্ধ, কল বন্ধ, হাটে বাজারে দোকানের জিনিসপত্র- সহ ওষুধ পত্র বন্ধ করে দেওয়ার মতো গুরুতর অভিযোগ তুলছেন মহিলা । পাশাপাশি গ্রামের বিভিন্ন সামাজিক অনুষ্ঠানেও এক ঘরে করে রাখা হয়েছে বলে দাবি অভিযোগকারীর । অসহায় মহিলা সংবাদমাধ্যমের ক্যামেরা দেখেই কান্নায় ভেঙে পড়েন । তিনি জানিয়েছেন, স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান, এগরা থানা, জেলা পুলিশ সুপার ও মহকুমা শাসকের কাছে এবিষয়ে লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি । কিন্তু নির্বিকার প্রশাসন । আজও অবধি সমস্যার কোন সুরাহা হয়নি ।
এ বিষয়ে বারিদা গ্রাম পঞ্চায়েতের প্রধান সিদ্ধেশ্বর বেরা জানিয়েছেন, পঞ্চায়েতে লিখিত অভিযোগ করেছেন । বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে । তবে অবিলম্বে তাঁরা এই সমস্যার সমাধান করার চেষ্টা করবেন ।
কিন্তু কটাক্ষ করতে অবশ্য দেরি করেনি গেরুয়া শিবির । কাঁথি সাংগঠনিক জেলা যুবমোর্চার ইনচার্জ অরূপ দাশ জানিয়েছেন, তৃণমূল কংগ্রেস চলছে শুধু টাকার উপর নির্ভর করে । কাটমাণি যেখানে, তৃণমূল কংগ্রেস সেখানে । হয়তো অসহায় বৃদ্ধার সুযোগ নিয়েই তারই আত্মীয়ের কাছ থেকে মোটা টাকা এই সমস্ত কর্মকাণ্ড করছে । এর নির্দশন শুধু বরিদা নয় পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে আমরা দেখতে পাচ্ছি । তবে যে যাই বলুক না কেন! কবে অসহায় ওই বয়স্ক মহিলার সমস্যার সমাধান হবে না কি আধুনিক যুগে বাস করেও মধ্যযুগীয় বর্বরতার স্বীকার হতে হবে । সেটাই এখন দেখার। কিন্তু এ প্রসঙ্গে পুলিশ ও প্রশাসনের আধিকারিকেরা মুখে কুলুপ এঁটেছেন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

