সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের উদ্যোগে গত বছরই প্রথম সুন্দরবনে পাখি উৎসব অনুষ্ঠিত হয় । প্রথম বছরেই পাখিপ্রেমীদের উৎসাহ এবং পাখি উৎসবের সুফলকে মাথায় রেখে দ্বিতীয় বছরে আবারও এই উৎসব করার সিদ্ধান্ত নিয়েছে বন দফতর । ১৭ ই জানুয়ারি থেকে ২০শে জানুয়ারি পর্যন্ত এই পাখি উৎসব চলবে সুন্দরবনে।
এদিন সজনেখালিতে পাখি উৎসবের সূচনা করেন রাজ্যের প্রধান মুখ্য বণপাল দেবল রায় । এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রধান মুখ্য বনপাল নীলাঞ্জন মল্লিক, সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা রাজেন্দ্র জাখর, সহক্ষেত্র অধিকর্তা জোন্স জাস্টিন সহ বিশিষ্টরা । দেশের বিভিন্ন প্রান্ত থেকে পক্ষী প্রেমীরা এই উৎসবে অংশ নিয়েছেন এবার । পাশাপাশি গত বছরের পাখি উৎসবে তোলা ছবির প্রদর্শনীও অনুষ্ঠিত হয় সজনেখালিতে ।
গত বছর ৭ ফেব্রুয়ারি থেকে তিন দিন সুন্দরবনের বিভিন্ন নদী-খাঁড়িতে ঘুরে সুন্দরবন এলাকার পাখিদের ছবি তুলেছেন, তথ্য সংগ্রহ করেছেন পাখিপ্রেমীরা । চলতি বছরেও একই ভাবে সুন্দরবনের গহন অরণ্য লাগোয়া নদী খাঁড়িতে ঘুরে ঘুরে ছবি তোলার সুযোগ থাকছে পক্ষী প্রেমীদের জন্য । এবারের পাখি উৎসবে ২৫ জন পক্ষী প্রেমী সুযোগ পেয়েছেন । পাশাপাশি নয়জন পাখি বিশারদ অংশ গ্রহণ করেছেন । ছ’টি দলে বিভক্ত হয়ে সুন্দরবনের ছযটি রেঞ্জে এক একটি দল বুধবার সন্ধ্যায় রওনা দেন সজনেখালি থেকে ।
আগামী তিন দিন তাঁরা যে ছবি তুলবেন এবং যে তথ্য সংগ্রহ করবেন সে সব বিচার বিশ্লেষণ করে একদিকে যেমন সুন্দরবনে বর্তমানে কত প্রজাতির পাখি রয়েছে সে বিষয়ে জানতে পারা যাবে । তেমনি ঠিক কোন কোন এলাকায় কী ধরনের পাখি রয়েছে সে বিষয়েও জানতে পারা যাবে । আর এই তথ্যই সুন্দরবনে পক্ষীকুলকে রক্ষার জন্য উপযোগী হবে বলেই দাবি বন দফতরের ।
প্রথম বার পাখি উৎসবের রিপোর্ট বিচার-বিশ্লেষণ করে বন দফতর জানিয়েছিল, ১৪৫ প্রজাতির পাখির দেখা মিলেছে সুন্দরবনে । পাঁচ হাজারের বেশি পাখির দর্শন পেয়েছিলেন উৎসবে যোগদানকারী পাখিপ্রেমীরা । গত বার ৫০৬৫টি পাখির দেখা পেয়েছিলেন যোগদানকারীরা । সে বার শীতের একেবারে শেষ লগ্নে উৎসব হয়েছিল । এ বার আরও প্রায় মাসখানেক আগে এই উৎসব হওয়ায় আরও অনেক বেশি পাখির দর্শন মিলবে বলে আশা বন দফতরের । শীত বেশি থাকায় অনেক বেশি পরিযায়ী পাখির দর্শন মিলবে বলেও দাবি বন দফতরের ।
গত বছরের পাখি উৎসব থেকে বন দফতর বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করে পাখিকূলকে রক্ষার জন্য । সেই মোতাবেক, শীতে যে সমস্ত পরিযায়ী পাখি সুন্দরবন এলাকায় আসে, তাদের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে । যাতে কোনও ভাবেই কেউ পাখি শিকার না করেন, সে দিকে নজর দেওয়া হচ্ছে । এর জন্য বাড়তি টহলদারি চালানো হচ্ছে বণ দফতরের উদ্যোগে । শুধু সুন্দরবনের জঙ্গল এলাকা নয়, আশপাশের লোকালয়গুলিতেও পাখিদের নিরাপত্তা বাড়াতে গ্রামবাসীদের সচেতন করা হচ্ছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

