।। স্বর্ণালী মান্না ।।
সরযূ নদীর তীরে যেন উৎসবের আবহাওয়া । বুধবার কলস যাত্রা দিয়ে সূচনা হল রামলালার ৭ দিনের উপাচার । আগামী ২২ জানুয়ারি রামলালার গৃহপ্রবেশ হতে চলেছে অযোধ্যার মন্দিরে । শহরের রাজপথ জুড়ে চলে বিভিন্ন সংগঠনের কলস যাত্রা ।
সুপ্রিম কোর্টের রায়ের পর অযোধ্যার পরিবেশে এসেছে বিপুল পরিবর্তন । রাস্তা সম্প্রসারণের পাশাপাশি বাইপাস থেকে অযোধ্যা নগরীর প্রবেশদ্বারে তৈরি করা হয় একটি বিশাল তোরণ । সেই তোরণে শোভা পেয়েছে ভগবান রামের পূর্ণাঙ্গ মূর্তি । অযোধ্যার একাধিক জায়গায় তৈরি করা হয়েছে আরও কিছু তোরণ; যাতে সুসজ্জিত রয়েছে সীতা, লক্ষ্মণ, বজরংবলি ও গরুডের মূর্তি । রাম মন্দিরের প্রবেশ পথের সংলগ্ন বাড়িগুলিকে নতুন করে রঙ করা হয়েছে ।
অন্যদিকে রামলালার প্রাণ প্রতিষ্ঠা সংক্রান্ত পূজা-অর্চনা বুধবার থেকে শুরু হয়ে গিয়েছে । ১৭ জানুয়ারি থেকে প্রতিদিন চলবে এই কলস যাত্রা । প্রতিদিন সকালে মহিলারা সরযূ নদীর পবিত্র জল কলসে ভরে মন্দিরে নিয়ে যাবেন । সেই জল ঢালা হবে রাম মন্দিরের গর্ভগৃহে । ১৮ জানুয়ারি রয়েছে গর্ভগৃহের উন্মোচন অনুষ্ঠান; আর ২০ জানুয়ারি রয়েছে রামলালার মূর্তি প্রতিস্থাপন অনুষ্ঠান । ২১ জানুয়ারি শুদ্ধিকরণ সংক্রান্ত জাবতীয় উপাচার সম্পন্ন করার কথা রয়েছে । অবশেষে ২২ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হবে ।
এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আমন্ত্রণ জানানো হয়েছে ১১ হাজার বিশিষ্ট ব্যক্তিদের । দেশের এক গুরুত্বপূর্ণ উৎসব হয়ে উঠেছে এই অনুষ্ঠান । সব মিলিয়ে প্রায় সাজো সাজো রব অযোধ্যায় ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

