মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার বহুরু হাইস্কুল মাঠে সরকারি অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী । এদিনের এই অনুষ্ঠান মঞ্চ থেকে একদিকে যেমন এই জেলার বহু প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী, তেমনই বহু প্রকল্পের শিলান্যাস করেন তিনি । পাশাপাশি এদিনও কেন্দ্রীয় বঞ্চনার কথা তুলে আরও একবার কেন্দ্রীয় বিজেপির সরকারকে আবারও আক্রমণ করেন তিনি । এদিন বক্তব্যের প্রথমেই জয়নগরে আড়াই কোটি টাকা ব্যয়ে মোয়া হাব তৈরির কথা আরও একবার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী । তিনি আরও জানান, সুন্দরবনের মধু এবার জি আই ট্যাগ পেয়েছে । সমস্ত মধু সংগ্রহকারীদের অভিনন্দন জানান এদিন ।
আজ সাতশো কোটি টাকার নতুন প্রজেক্ট দেওয়া হচ্ছে এই জেলায় । ৭৪ টি প্রকল্পের উদ্বোধন এবং বহু প্রকল্পের শিলান্যাস করা হয়েছে জেলায় । পাশাপাশি এদিন কেন্দ্রীয় বঞ্চনার কথা তুলে তিনি বলেন, “কেন্দ্রের কাছে ২৯ হাজার কোটি টাকা এখনও বকেয়া রাজ্যের । শুধু ভোটের সময় ভোট করতে আসে আর ধর্মে ধর্মে ভেদাভেদ করে । টাকা পেলেই এলাকার মানুষকে ঘর বানিয়ে দেব । আমরা যা বলি তাই করি । কেন্দ্র থেকে ৭৬ টি দল এসেছে কিন্তু তবুও টাকা দিচ্ছে না । আমি নিজে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছি । উনি বলেছেন আধিকারিকদের সাথে কথা বলে সিদ্ধান্ত নেবেন । কিন্তু এখনও কিছুই করেননি তিনি । টাকা দেয় না, লজ্জা করে না?”
তিনি এদিন জানান, এই জেলায় ৪৫ হাজার ছাত্রী কন্যাশ্রী পেয়েছে, ৩৯ হাজার পড়ুয়া সবুজ সাথী পেয়েছে, ৬৭ হাজার মহিলা লক্ষ্মীর ভান্ডার পেয়েছে, ২৪ হাজারের বেশি কৃষক বন্ধু পেয়েছে । জেলার বিভিন্ন প্রান্তে মডেল স্কুল তৈরি হয়েছে বলেও এদিন জানান মুখ্যমন্ত্রী ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

