বেশ কিছুদিন থেকে দক্ষিণবঙ্গে শীত নেই বললেই চলে । সকালে উঁকি দিচ্ছে রোদ, ওদিকে মহানগরীর ভিড়ে এই শীতকালেও ঘামছেন মানুষজন । এরই মধ্যে অবশ্য মন ভালো করা খবর দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শীঘ্রই প্রত্যাবর্তন হতে পারে কনকনে ঠান্ডার ।
হাওয়া অফিস জানাচ্ছে, নতুন করে জাঁকিয়ে শীতের স্পেল আগামী সপ্তাহেই । আগামী ৩ দিনে রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে বলে জানা যাচ্ছে । চলতি সপ্তাহেই ২-৩ ডিগ্রি কমতে পারে তাপমাত্রা । জানুয়ারির ১০ তারিখের পর থেকে ভালো ঠান্ডা অনুভব করবেন দক্ষিণবঙ্গবাসী । আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই বলেই আবহাওয়া সূত্রে খবর । কলকাতা সহ দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে ।
রবিবার সকাল থেকেই কুয়াশায় আচ্ছন্ন ছিল দক্ষিণের একাধিক জেলা । আজ সোমবারও একই রকম থাকবে আবহাওয়া । বেশ কিছু জেলায় মেঘলা আকাশ থাকবে । শহর কলকাতায় আপাতত বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই । আবারও নতুন করে জাঁকিয়ে ঠান্ডা পড়তে পারে জানুয়ারির ১০ তারিখের পর থেকে । আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ধীরে ধীরে বাড়বে উত্তুরে হাওয়ার দাপট । আগামী মঙ্গলবার থেকে ফের আবহাওয়ার পরিবর্তন হবে দক্ষিণবঙ্গে ।
অন্যদিকে উত্তরের জেলাগুলিতে আগামী ৫ দিন রাতের তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না । ভোরের দিকে কোনও কোনও জেলায় কুয়াশার প্রভাব থাকতে পারে । উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং সহ সিকিম ও পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকছে । দার্জিলিংয়ে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা থাকবে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

