।। স্বর্ণালী মান্না ।।
পুণের সংস্থাকে পিছনে ফেলে জিআই তকমা পেতে চলেছে সুন্দরবনের মধু । চলতি সপ্তাহেই কেন্দ্রীয় সরকারের জিআই পোর্টালে সুন্দরবনের মধুকে নথিভুক্ত করা হয়েছে । বছরের শুরুতেই এই সুখবরে স্বাভাবিকভাবেই খুশি সুন্দরবনের বাসিন্দারা ।
জানা যাচ্ছে, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনের তকমা পেতে জোর টক্করে ছিল পুণের অন্য একটি সংস্থাও ।সুন্দরবনের মধুর জিআই তকমা পেতে আবেদন জানিয়েছিল পুণের একটি সংস্থা । ন্যায্য দাবির জন্য লড়াই করে অবশেষে তকমাটি ছিনিয়ে নিল পশ্চিমবঙ্গ । পুণের সেই সংস্থাকে পিছনে ফেলে সেরার সেরা হয়ে উঠল সুন্দরবনের মধু ।
দীর্ঘদিন ধরে সুন্দরবনের ঘন জঙ্গল থেকে মধু সংগ্রহ করার কাজের সঙ্গে যুক্ত থাকেন ওই অঞ্চলের মধু সংগ্রহকারীদের দল । সেই মধু পরবর্তীতে কিনে নেয় বন দফতর; যা বাজারে “মৌবন” নামে প্রচলিত । বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের “এক্স” হ্যান্ডেলে এই শিল্পের সঙ্গে যুক্ত সকলকে অভিনন্দন জানান ।
সূত্রের থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে, সুন্দরবনের প্রায় ২০০০ জন স্থানীয় বাসিন্দারা এই মধু সংগ্রহ করে নিজের জীবিকা নির্বাহ করে থাকেন । অন্যদিকে কোভিড পরবর্তী সময়ে এই মধুর চাহিদাও বেশ বেড়ে গিয়েছে বলেই জানা গিয়েছে । সেই পরিস্থিতির কথা মাথায় রেখে এবং সদ্যপ্রাপ্ত এই জিআই তকমা মধু সংগ্রহকারীদের আরও উৎসাহ জোগাবে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল ।
পাশাপাশি রাজ্য থেকে এই জিআই তকমা পেয়েছে জলপাইগুড়ির কালো নুনিয়া চাল, মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমানের গরদ ও কোরিয়াল শাড়ি এবং নদিয়ার টাঙ্গাইল শাড়ি । তবে পুণের সংস্থাকে হারিয়ে সুন্দরবনের মধুর শীর্ষে পৌঁছন যেন মধুরেণ সমাপয়েৎ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

