স্বাধীনতার পর এখনও মেলেনি পাকাপোক্ত ব্রিজ । উত্তর ২৪ পরগনার বনগাঁ সাইকেল কাঁধে জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের উপর দিয়ে চলছে নদী পারাপার । পুরনো বাঁশের সাঁকো থেকে সাইকেল যাত্রীর পড়ে যাওয়ার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে ।
উত্তর ২৪ পরগনার বনগাঁ ব্লকের মাঠ নিমতলা এলাকায় চৌবেড়িয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ও চৌবেড়িয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্য দিয়ে বয়ে গেছে যমুনা নদী, যার বর্তমান নাম পার্বতী খাল । যমুনা নদীর উপর এই দুই গ্রাম পঞ্চায়েতের মধ্যে সংযোগ স্থাপন করেছে একটি বাঁশের সাঁকো । সেই বাঁশের সাঁকোটিও একটিমাত্র বাঁশ দিয়ে তৈরি । তার উপর দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার করছেন দুই গ্রামের বাসিন্দারা ।
স্থানীয়রা জানিয়েছেন, চৌবেড়িয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রায় ৫-৬টি গ্রামের বাসিন্দাদের এই একটি মাত্র বাঁশ দিয়ে তৈরি সাঁকো পার হয়ে চৌবেড়িয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিদ্যালয়, হাসপাতাল, বাজার সহ নানান কাজে যেতে হয় । প্রতিনিয়ত প্রাণের ঝুঁকি নিয়ে নদী পারাপার করে চলেছেন তাঁরা । তাঁদের অভিযোগ, বিভিন্ন যায়গায় বহুবার দাবি জানিইয়েও কোন সুরাহা মেলেনি । স্বাধীনতার পর এখন পর্যন্ত এই সাঁকো সংস্কারের উদ্যোগ নেয়নি প্রশাসন ।
কিছুদিন আগে এখানে কয়েকটি বাঁশ দিয়ে সাঁকো তৈরি করা হয়েছিল । এক সাইকেল আরোহী নদীর পার করার সময় সেই সাঁকো ভেঙে নদীতে পড়ে যায় । সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে । স্থানীয়রা জানিয়েছেন, এমন ঘটনা প্রায়শই ঘটে থাকে, তবুও প্রয়োজনের তাগিদে এই ভাঙ্গা সাঁকোর উপর দিয়েই চলাচল করতে হয় তাঁদের । তাঁরা আরও জানিয়েছেন, বছর পাঁচেক আগে এই নদীর উপর ব্রিজ তৈরির শিলান্যাস হয়েছিল । কিন্তু সে ব্রীজ আর হয়নি । তাঁরা চাইছেন, প্রশাসন এই নদীর উপর ব্রিজ তৈরির ব্যবস্থা করুক, ব্রিজ তৈরি হলে যোগাযোগ ব্যবস্থারও উন্নতি ঘটবে এবং তাঁদের সমস্যার সুরাহা হবে ।
এই বিষয়ে চৌবেড়িয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান তপন হাজরা বলেন, “সত্যিই ওই এলাকার সাধারণ মানুষের সমস্যা হচ্ছে । আমরা জেলা পরিষদে চিঠি করেছি ব্রিজটি নির্মাণ জন্য” । তাঁর দাবি, এই ব্রিজের জন্য কোন শিলান্যাস হয়নি, রাস্তার জন্য হয়েছিল । গ্রামবাসীরা হয়তো ভুল বুঝেছেন”।
বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার জানিয়েছেন, পঞ্চায়েত চাইলে বিধায়ক উন্নয়ন তহবিলের টাকা থেকে সাঁকো সংস্কারের কাজ করবেন তিনি । যদিও কটাক্ষের সুরে বলেছেন বিজেপি বিধায়কদের অর্থে উন্নয়নমূলক কাজ করতে নিষেধ করে নিদান দিয়েছেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি । এই ধরনের নোংরা রাজনীতি বন্ধ করে সাধারণ মানুষের উন্নয়নের কাজে এগিয়ে আসুন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

