মোহনবাগানের কোচের পদ থেকে সরলেন ফেরান্দো, নতুন কোচ হাবাস

।। গৌতম রায় ।।

বুধবার দুপুরে ঝড় তুলে দিল মোহনবাগান সুপার জায়ান্ট। হেড কোচ হুয়ান ফেরান্দোর সঙ্গে গোল্ডেন হ্যান্ডসেক সেরে নিল ম্যানেজমেন্ট। ব্যর্থতার দায় নিয়ে দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন ফেরান্দো। নতুন কোচ হিসাবে ফিরলেন অ্যান্তোনিও লোপেজ হাবাস। এই পরিবর্তন হয়ত অবশ্যম্ভাবী ছিল। লাগাতার ব্যর্থতায় রীতিমত কোনঠাসা হয়ে গিয়েছিলেন হুয়ান। গ্যালারিতে সমর্থকদের গো ব্যাক ধ্বনি। কর্তাদের চাপ। হাবাসের পদধ্বনি। ফলে সরে যাওয়া ছাড়া উপায় ছিল না। সরকারিভাবে হয়ত পদত্যাগ, কিন্তু পদত্যাগে বাধ্যই হলেন হুয়ান। আশা করা গিয়েছিল সুপার কাপে শেষ সুযোগ পাবেন তিনি, কিন্তু সেটাও পেলেন না। তার আগেই সরে যেতে হল। সুপার কাপের আগেই দায়িত্বে এলেন হাবাস।

মোহনবাগানে ফেরান্দো শুরুটা খারাপ করেননি। গত মরসুমে আইএসএল চ্যাম্পিয়ন করেছিলেন সবুজ মেরুনকে। এবার ডুরান্ড কাপেও চ্যাম্পিয়ন। আইএসএলেও শুরুটা করেছিলেন দুর্দান্তভাবে। পরপর জয়। কিন্তু তারপরই ছন্দপতন। চোট আঘাত আর কার্ড সমস্যায় জেরবার হয়ে পড়ে মোহনবাগান সুপার জায়ান্ট। ঘিরে ধরে ব্যর্থতা। প্রশ্ন উঠতে শুরু করে ফেরান্দোকে নিয়ে। দল তো তিনি তৈরি করেছেন, তাই আনোয়ারের বিকল্প কেন নেই নই? পরিবর্তরা কেন পারফর্ম করতে পারলেন না? দু-একজনের চোটেই কেন দলের এই অবস্থা হবে? এই সমস্ত প্রশ্নের মুখে তাকে দাঁড়াতে হল। দায় তো তাঁকে নিতেই হবে। শেষ পর্যন্ত গোল্ডেন হ্যান্ডসেক। বাগানে ফেরান্দো জমানা আপাতত শেষ।

সবুজ মেরুনে ফিরলেন অ্যান্তোনিও লোপেজ হাবাস। এর আগে এটিকে মোহনবাগানকে কোচিং করিয়ে গিয়েছেন তিনি। তার আগে এটিকেকে দু’বার আইএসএল চ্যাম্পিয়ন করেছিলেন। এবার দায়িত্ব নিলেন মোহনবাগান সুপার জায়ান্টের। এটিকে মোহনবাগানে ব্যর্থতায় পড়ে চাপের মুখে সরে দাঁড়াতে বাধ্য হয়েছিলেন। এবার কি তিনি পারবেন মোহনবাগানকে সাফল্যের আলোয় ফেরাতে? সুপার কাপেই হাবাসের প্রথম পরীক্ষা। হাতে সময় কম। তার মধ্যেই দলটাকে গুছিয়ে নিতে হবে। নতুন চ্যালেঞ্জ অ্যান্তোনিও হাবাসের ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube