বিলাসবহুল ক্রুযে এবার নিমেষেই গঙ্গাসাগর পৌঁছতে পারবেন সকলে । সপ্তাহে ৭ দিনই থাকছে এই ক্রুজ পরিষেবা । সামনেই গঙ্গাসাগর মেলা । ইতিমধ্যেই জোর কদমে সেই মেলার প্রস্তুতি শুরু করে দিয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন । তবে মেলা শুরুর আগেই পুণ্যার্থীদের জন্য রয়েছে সুখবর । গঙ্গাসাগর মেলার আগেই বুধবার উদ্বোধন করা হল ডায়মন্ড হারবার থেকে কচুবেড়িয়া পর্যন্ত বিলাসবহুল ক্রুজ পরিষেবার । যার ফলে গঙ্গাসাগর যাওয়া অনেকটাই সহজ হবে পুণ্যার্থীদের জন্য ।
অনেক আগেই শুরু হয়েছিল এই বিলাসবহুল ক্রুজ পরিষেবার ট্রায়াল রান । বুধবার থেকে ডায়মন্ড হারবার পুরসভা ও অসপ্রে ওয়াটার ওয়েজ ইন্ডিয়া লিমিটেডের যৌথ উদ্যোগে এই পরিষেবার উদ্বোধন করা হয় । গঙ্গাসাগর মেলা উপলক্ষে বর্তমানে সপ্তাহে ৭ দিনই এই ক্রুজ পরিষেবা পাওয়া যাবে ডায়মন্ড হারবার ফেরিঘাট থেকে । প্রতিদিন সকাল ৯ টা ৩০ মিনিটে ক্রুজ ডায়মন্ড হারবার থেকে কচুবেড়িয়ার উদ্দেশ্যে ছাড়বে । তবে গঙ্গাসাগর মেলার ক’টা দিন ১৩ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি সকাল ৮ টা ৩০ মিনিট থেকে ৪ ঘন্টা অন্তর দিনে ৩ বার এই পরিষেবা পাওয়া যাবে বলে জানান ক্রুজ কর্তৃপক্ষ । অবশ্য অন্যান্য সময়ের থেকে ভাড়া একটু বেশি থাকবে গঙ্গাসাগর মেলাতে । ওয়ান ওয়ে টিকিট পরিষেবা ১৬০০ টাকা এবং টু ওয়ে টিকিট একসাথে কাটলে ৩ হাজার টাকা মতো পড়বে বলে জানানো হয় কর্তৃপক্ষের তরফ থেকে ।
তবে গঙ্গাসাগর মেলার ৪ টি দিন বাদ দিয়ে ক্রুজের টিকিট মূল্য থাকবে প্রিমিয়াম শ্রেণির জন্য ৬৩০ ও ইকোনমি শ্রেণির জন্য ৫৩০ টাকা । ক্রুজ পরিষেবার টিকিট অনলাইনে সংস্থাটির ওয়েবসাইটে পাওয়া যাবে; এমনকি অফলাইনেও পাওয়া যাবে বলে জানান কর্তৃপক্ষ । অনেক কম সময়ে অনেক কম খরচে এবার গঙ্গাসাগর যাত্রা সম্ভব হবে ডায়মন্ডহারবার থেকে । পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে, ডায়মন্ড হারবারের মুকুটে নতুন পালক জুড়লো । অবশ্য গঙ্গাসাগর মেলার আগে এই পরিষেবা চালু হওয়াতে অনেকটা খুশি পুণ্যার্থীরা । ডায়মন্ড হারবার পুরসভার উদ্যোগে এই ক্রুজ পরিষেবা পেয়ে খুশি পর্যটক থেকে শুরু করে পুণ্যার্থী সকলেই ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

