কেন্দ্রীয় সরকারের নয়া বিলের প্রতিবাদে মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জের চসকাপুড়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়লেন গাড়ি চালকরা । বুধবার বেলা সাড়ে ১১ টা ৩০ মিনিট নাগাদ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় চসকাপুড় মোড় জাতীয় সড়কে ।
এদিন দফায় দফায় বিক্ষোভ দেখানোর পাশাপাশি চলে অবরোধ । তাতে কয়েকশো গাড়ির চালকেরা সামিল হন । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন এসডিপিও রাসপ্রিত সিং ও সামসেরগঞ্জ থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী । বিক্ষোভকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় এলাকায় ।
উল্লেখ করা যেতে পারে, সম্প্রতি দিন কয়েক আগেই লোকসভায় গাড়ি চালকদের নিয়ে বিশেষ একটি বিল উত্থাপন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী । বিলে উল্লেখ রয়েছে, কোথাও কোনও রকম দুর্ঘটনা ঘটলে সেখান থেকে যদি গাড়ি চালকরা পালিয়ে যায় তাহলে তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে । পাশাপাশি লরি চালকদের অভিযোগ, পাঁচ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা এবং দশ বছর পর্যন্ত জেলের বিধান করা রয়েছে নয়া বিলে ।
শুধু তাই নয়, দুর্ঘটনার পর অসুস্থ ব্যক্তিকে উদ্ধার করে গাড়ি চালকরা যদি হাসপাতালে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করেন তাহলে কিছুটা মকুব হতে পারে তাঁদের শাস্তি । কেন্দ্রীয় সরকার এই ধরনের বিল নিয়ে আসতেই কার্যত গাড়ি চালকদের মধ্যে ব্যাপক ক্ষোভ পরিলক্ষিত হয় । গাড়ি চালকদের অভিযোগ, কেউ ইচ্ছাকৃত দুর্ঘটনা ঘটায় না । কিন্তু কোনও দুর্ঘটনা ঘটলে গাড়ি চালকেরা উদ্ধার করার চেষ্টা করলেও তাঁদেরকে উত্তেজিত জনতা পিটিয়ে মেরে ফেলেন । ফলে একপ্রকার বাধ্য হয়েই পালিয়ে যান চালকরা ।
তাই চালকদের বিরুদ্ধে এধরনের কঠোর বিল নিয়ে আসার কোন যৌক্তিকতা নেই বলেই তাঁরা জানাচ্ছেন । এই আইন চালকদের প্রতি একপ্রকার জুলুম বলেও ক্ষোভ প্রকাশ করেন তাঁরা । অবিলম্বে এই বিল প্রত্যাহার করার দাবিতে মূলত সামশেরগঞ্জের চসকাপুড়ে বিক্ষোভ শুরু করেন গাড়ি চালকরা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

