স্বাস্থ্য কেন্দ্রে বন্ধ পরিষেবা, স্বাস্থ্যকর্মীরা মাতলেন পিকনিকে!

পশ্চিম বর্ধমানে ব্লক স্বাস্থ্য কেন্দ্রের পরিষেবা বন্ধ রেখে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা মজেছেন পিকনিকে । সোমবার স্বাস্থ্যকর্মীদের এই পিকনিকের আয়োজন নিয়ে শুরু হল ব্যাপক বিতর্ক । স্বাস্থ্য কেন্দ্রের ইনডোরে ভর্তি রয়েছে্ন প্রসূতি । অন্যদিকে আউটডোরে চিকিৎসকের অপেক্ষায় রয়েছেন রোগী । সেই সময় চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্য কর্মীরা ব্যস্ত রয়েছেন পিকনিকে । সোমবার ১ লা জানুয়ারি এমনই দৃশ্য দেখা গেল পশ্চিম বর্ধমানের খান্দরা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ।

ইংরেজি নববর্ষ বরণের এই দিনটিতে পার্কগুলিতে থাকে ভিড় । অনেকে বেরিয়ে পড়েন পিকনিকে । কিন্তু চালু থাকে জরুরি পরিষেবা । তবে বর্ষবরণের দিন অন্ডাল ব্লক স্বাস্থ্যকেন্দ্রে দেখা গেল অন্য ছবি । স্বাস্থ্য কেন্দ্রের ইনডোরে ভর্তি রয়েছেন প্রসূতি, আউটডোরে চিকিৎসকের অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছেন রোগীরা । অথচ পরিষেবায় গরহাজির চিকিৎসক, নার্স সহ অন্যান্য স্বাস্থ্য কর্মীরা । আউটডোরে বেশ কিছু রোগী দীর্ঘক্ষণ অপেক্ষার পর হতাশ হয়ে ফিরে গেলেন বাড়ি ।

খোঁজ নিয়ে জানা যায় চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা ব্যস্ত রয়েছেন পিকনিকে । স্বাস্থ্য কেন্দ্রের তিন তলাতে তখন চলছে ভুরিভোজের আয়োজন । ক্যাটারিংয়ের দল ব্যস্ত রয়েছে রান্নার কাজে । বেলা দেড়’টার পর শুরু হয় খাওয়া-দাওয়ার পর্ব । রীতিমত কব্জি ডুবিয়ে মধ্যাহ্নভোজন সারেন ব্লক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীরা । টেবিলে সাজানো বেগুনি, ভাত, সবজি, মিক্সড মুগ ডাল, মাছ, মটন কারি, চাটনি, পাপড়, মিষ্টি । চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী মিলিয়ে মোট ৩০ জনের জন্য এই আয়োজন বলে জানান ক্যাটারিংয়ের দায়িত্বে থাকা এক কর্মী ।

খাওয়ার পর্বের মাঝপথে সংবাদ মাধ্যমের কর্মীদের উপস্থিতি দেখে কেউ কেউ খাওয়া ছেড়ে উঠে গেলেন । কেউ কেউ অনুরোধ করলেন ছবি না তোলার জন্য, খবর না করার জন্য । তিন তলার ওপর পিকনিকের যখন এই দৃশ্য দেখা যাচ্ছে তখন একতলার ইন্ডোরে এক প্রসূতি মহিলা জানালেন দুপুরে তাঁকে পাউরুটি ও সবজি দেওয়া হয়েছে মধ্যাহ্ন ভোজনের জন্য । অন্য রোগীদের সাথে শিশু কন্যাকে সাথে নিয়ে আউটডোরে তখন অপেক্ষায় এক অভিভাবকও । নাম প্রকাশে অনিচ্ছুক ওই অভিভাবক বললেন “৩০ মিনিটের বেশি দাঁড়িয়ে রয়েছি, কোন চিকিৎসক, নার্স বা স্বাস্থ্যকর্মীর দেখাও পাচ্ছি না” । দীর্ঘক্ষণ অপেক্ষার পর ওই অভিভাবকের মতো আরও বেশ কয়েকজন হতাশ হয়ে ফিরে যান স্বাস্থ্য কেন্দ্র থেকে ।

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের এরকম আচরণের সমালোচনায় সরব হয়েছেন রোগীর আত্মীয় থেকে রাজনৈতিক ব্যক্তিত্বরা । বিজেপির পশ্চিম বর্ধমান জেলা বিজেপির নেতা, ছোটন চক্রবর্তী বলেন, রাজ্যে মেলা, খেলার সরকার চলছে, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে । পরিষেবা বন্ধ রেখে চিকিৎসকদের পিকনিকের ঘটনায় তা আরও একবার প্রমাণ হল বলে জানান ছোটন বাবু । যদিও এইভাবে পিকনিকের আয়োজন করা যে ঠিক হয়নি তা জানান তৃনমূল নেতা তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুজিত মুখোপাধ্যায় ।

অন্যদিকে পশ্চিম বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শেখ মোহাম্মদ ইউনুস বলেন, চিকিৎসা কেন্দ্রের ভেতর পিকনিক করাটা ঠিক হয়নি । বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি । অন্ডাল ব্লক স্বাস্থ্য কেন্দ্রের বিএমওএইচ পরিতোষ সোরেনের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube