অযোধ্যায় ফের প্রতিষ্ঠা পাবেন ভগবান রাম । আগামী ২২শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । ওইদিন দেশবাসীকে অযোধ্যায় যেতে ‘না’ করলেন প্রধানমন্ত্রী, তার বদলে দেশবাসীকে ‘অকাল দীপাবলী’ পালনের পরামর্শ দিয়েছেন তিনি। নরেন্দ্র মোদী বলেছেন, “ওই দিন (২২ জানুয়ারি) প্রতিটি ভারতবাসী বাড়িতে রামজ্যোতি (প্রদীপ) জ্বালাবেন।” যাঁরা অযোধ্যায় যেতে ইচ্ছুক, তাঁদের জন্য মোদীর বার্তা, ২৩শে জানুয়ারি থেকে সকলেই সেখানে যেতে পারবেন। এর আগে রামমন্দির নির্মাণে তত্ত্বাবধানের দায়িত্বে থাকা শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের অন্যতম শীর্ষকর্তা চম্পত রাইও গর্ভগৃহে ‘রামলালা বিরাজমান’-এর মূর্তি প্রতিষ্ঠার দিন ভক্তদের অযোধ্যায় যেতে নিষেধ করেছিলেন। মূলত নিরাপত্তার কারণেই রাই এ কথা বলেছেন বলে তখন জানা গিয়েছিল ।
শনিবার অযোধ্যার নবনির্মিত রেলস্টেশন এবং বিমানবন্দরের উদ্বোধন করে জনসভা করেন প্রধানমন্ত্রী। সভায় ২২ জানুয়ারি দেশবাসীকে অযোধ্যায় না-যাওয়ার পরামর্শ দিয়ে মোদী বলেন, “ভক্ত হিসাবে ভগবান রামের অসুবিধা হয়, এমন কিছু কাজ করা আমাদের উচিত হবে না।” একই সঙ্গে প্রধানমন্ত্রীর সংযোজন, “আপনারা সকলেই ২৩ জানুয়ারি থেকে (অযোধ্যায়) আসতে পারবেন। রামমন্দির এখন থেকে সকলের জন্য চিরতরে খোলা থাকবে।”
২২ জানুয়ারি অযোধ্যার মন্দির উদ্বোধন সংক্রান্ত অনুষ্ঠানের দিকে গোটা বিশ্ব তাকিয়ে রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর মুখে শোনা যায় ‘গ্যারান্টি’ শব্দটিও। এই শব্দটি টেনে এনে প্রধানমন্ত্রী জানান যে, তিনি অযোধ্যার উন্নয়ন নিয়ে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলির সবগুলিই প্রায় রক্ষা করতে পেরেছেন। অযোধ্যাকে ‘স্মার্ট সিটি’ হিসাবে তুলে ধরার কথাও জানান তিনি।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

