বর্ষশেষের রাত ও নতুন বছরকে বরণের দিন শহরের নিরাপত্তা জোরদার করতে তৎপর কলকাতা পুলিশ । ৩১ ডিসেম্বর, রবিবার বর্ষবরণের রাতে শহরজুড়ে ২৫০০ পুলিশ মোতায়েন করা হবে। ১ জানুয়ারি, সোমবার দায়িত্বে থাকবেন প্রায় ২৪০০ পুলিশকর্মী। বর্ষবরণের কথা ভেবে ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি পার্ক স্ট্রিট এলাকাকে ৬টি সেক্টরে ভাগ করা হয়েছে। সেখানে দায়িত্বে থাকবেন ১০ জন ডেপুটি কমিশনার পদমর্যাদার আধিকারিক। তাঁদের অধীনে থাকবেন পর্যাপ্ত সংখ্যক ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর-সহ অন্য পুলিশকর্মী।
রবি ও সোমবার ওই এলাকায় ৩টি ওয়াচ টাওয়ার বসানো হবে। ভিক্টোরিয়া, আলিপুর চিড়িয়াখানা, তারামণ্ডল, কালীঘাট মন্দির, সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ-সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ দর্শনীয় জায়গা ও পর্যটন কেন্দ্রগুলিতে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হবে। সেসব জায়গার দায়িত্বে থাকবেন একজন করে ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিক। নাশকতা রুখতে শহরজুড়ে প্রতিটি হোটেলে চেকিং চলছে।
প্রতিদিন রাতে চলছে বিশেষ নাকা তল্লাশি। ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি শহরজুড়ে বিভিন্ন জায়গায় মোটরসাইকেল প্যাট্রোলিং বাহিনী টহলদারি করবে। নজরদারির জন্য প্রয়োজনে ড্রোন-ও ব্যবহৃত হবে। মহিলাদের নিরাপত্তার স্বার্থে সাদা পোশাকে পুলিশ ও মহিলা পুলিশের উইনার্স বাহিনী রাস্তায় নামবে।পার্ক স্ট্রিট সহ শহরের বিভিন্ন জায়গায় একাধিক সিসিটিভি ক্যামেরায় চলবে নজরদারি। শহরজুড়ে থাকছে ১৫ টি পুলিশ অ্যাসিস্টেন্ট বুথ। ভিড় হয় এমন জায়গাগুলোতে মানুষের ভিড়ে মিশে থাকবে সাদা পোশাকধারী পুলিশ।
বর্ষবরণের রাতে মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে অনেক দুর্ঘটনা ঘটে, এবার সেই দিকেও নজর দিচ্ছে কলকাতা পুলিশ। এবার এই ধরনের দুর্ঘটনা এড়ানোর জন্য বিশেষ ব্যবস্থা কলকাতা পুলিশের তরফ থেকে। যে ব্যবস্থাগুলি পুলিশ নিয়েছেন এই দুর্ঘটনা এড়তে সেগুলি হল , অতিরিক্ত মদ্যপান করলে সেই ব্যক্তির হাতে গাড়ির স্টিয়ারিং ছাড়া হবে না।
শহরের বিভিন্ন রেস্তোরাঁ বা বারের কর্মীরা ক্যাব বুক করে বাড়ি পাঠাবেন তাঁদের। অন্য গাড়িতে কেউ না যেতে চাইলে অ্যাপ থেকে বুক করে দেওয়া হবে চালককে। শহরের বিভিন্ন বড়ো বড়ো রেঁস্তোরা এবং বার সংঘঠনগুলিকে এমনই নির্দেশ দেওয়া হয়েছে লালবাজারের তরফ থেকে। এছাড়াও শহরজুড়ে মদ্যপ চালকদের খোঁজে তল্লাশি চালানো হবে সমস্ত গুরুত্বপূর্ণ মোড়ে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

