ধান কেনা নিয়ে ধুন্ধুমার পুরুলিয়ায়

সরকারি ভাবে নায্য মূল্যে ধান ক্রয় করাকে কেন্দ্র করে তুমুল অশান্তি । স্থানীয় তৃণমূল নেতা এবং গ্রামবাসীদের বিক্ষোভ। বিক্ষোভকারীদের মারধর ধান ক্রয় কেন্দ্রের আধিকারিকদের। ঘটনাকে ঘিরে রাতভর চাঞ্চল্য পুরুলিয়া ২ নম্বর ব্লকের ঘোঙ্ঘা গ্রাম পঞ্চায়েতের চরগালি গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুরুলিয়া মফঃস্বল থানার পুলিশ ।

রাজ্য সরকারের খাদ্য ও সরবরাহ দফতরের নির্দেশিকা মতো চাষীদের সুবিধার জন্য গ্রামে গ্রামে ধান ক্রয় করা শুরু হয়েছে পুরুলিয়ায় । সেই মতো বৃহস্পতিবার চরগালি গ্রামে সরকারি ভাবে ভ্রাম্যমাণ ক্যাম্প করা হয় ধান ক্রয় করার জন্য। সেখানে ধান বিক্রির জন্য উপস্থিত হয়েছিলেন স্থানীয় চাষীরা। কিন্তু স্থানীয় তৃণমূল নেতাদের অভিযোগ, চাষীদের কাছ থেকে ধান ক্রয় না করে ফড়েদের কাছ থেকে ধান ক্রয় করা হচ্ছে ।

এরপরই ধান ক্রয় বন্ধ করে দিয়ে বিক্ষোভ দেখান এলাকার তৃণমূল নেতা থেকে স্থানীয় মানুষেরা। যদিও চাষীদের অভিযোগ, স্থানীয় তৃনমূল নেতাদের দাদাগিরির জেরে সরকারি ভ্রাম্যমাণ ক্যাম্পে নায্য মূল্যে ধান বিক্রি করতে বাধার সৃষ্টি হচ্ছে । এতে ধান বিক্রি করতে এসে চাষীরা সমস্যায় পড়ছে।

ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়তেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুরুলিয়া মফঃস্বল থানার পুলিশ এবং স্থানীয় প্রশাসনের আধিকারিকরা। প্রশাসনের আশ্বাসে ধান কেনা শুরু হলেও কিছুক্ষন পরই ফের বিক্ষোভকারী এলাকাবাসিরা চড়াও হয় ধান ক্রয় কেন্দ্রের আধিকারিকদের উপর। মারধর করা হয়, মোবাইল ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। আতঙ্কে ধান কেনা বন্ধ করে দেওয়া হয় । ফের রাতেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে পুলিশের উপস্থিতিতে বৃহস্পতিবার রাতে ধান কেনা শুরু হয় । কনকনে শীতের সময় খোলা আকাশের নিচে রাতের বেলা ধান বিক্রি করেন চাষীরা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube