ডিসেম্বরের শুরু থেকে শীত পড়তে না পড়তেই দক্ষিণবঙ্গের তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী হয়ে চলেছে । পূবালী হাওয়ার দাপটে দক্ষিণ থেকে উধাও শীত । আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এবছর আর তেমন শীত পড়ার সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে ।
তবে উত্তরবঙ্গের চিত্রটা একেবারেই ভিন্ন । উত্তরের জেলাগুলিতে বেশ ঠান্ডার দাপট চলছে বলেই খবর । দক্ষিণবঙ্গে ফের কবে শীত পড়বে, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা । আপাতত বেশ কিছুদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা; যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি ।
শীত কমলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কুয়াশার আধিক্য দেখা যাচ্ছে । সকালের দিকে কুয়াশার চাদরে অধিকাংশ জেলা মোড়া থাকছে । আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী কিছু দিন দক্ষিণবঙ্গে একইরকম আবহাওয়া থাকবে । প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢোকার কারণে বাড়ছে তাপমাত্রা ।
দক্ষিণবঙ্গে পূবালী বাতাস সক্রিয় থাকার কারণেই শীতের পথে কাঁটা দেখা দিচ্ছে । বর্ষ শেষে আর জাঁকিয়ে শীত পড়বে কি না, তা নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে । আগামী ৫ দিনে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের রাতের তাপমাত্রার তেমন বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই ।
উত্তরবঙ্গে শীতের দাপটে কাবু সাধারণ মানুষ । ইতিমধ্যেই পাহাড়ে পর্যটকদের ঢল নেমেছে । আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই । আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রা একই রকম থাকবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে উত্তরে । সিকিমে বরফ পড়ার সম্ভাবনা রয়েছে বলেই খবর ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

