নির্দিষ্ট চিমনি দিয়ে ধোঁয়া বেরোনোর কথা, কিন্তু দীর্ঘদিন যথাযথ সংস্কারের অভাবে শবদাহ চুল্লির চিমনি অকেজো হয়ে পড়ে রয়েছে । এই অবস্থায় বাঁকুড়া পৌরসভার লক্ষ্যাতড়া মহাশ্মশানে শবদাহ করতে আসা মৃতের আত্মীয় পরিজন থেকে ওই কাজে দায়িত্বপ্রাপ্ত কর্মীরা সকলেই চরম সমস্যায় পড়েছেন ।
প্রসঙ্গত, বাঁকুড়া শহরের পাশাপাশি এলাকা থেকেও মৃতদাহ সৎকার্য করা হয় লক্ষ্যাতড়া মহাশ্মশানে । ফলে প্রতিদিন চাপ বাড়তে থাকে মহাশ্মশানের বৈদ্যুতিক চুল্লির উপর । কর্মীদের অভিযোগ, চুল্লিটির দীর্ঘদিন সংস্কার হয়নি । যার ফলে নির্দিষ্ট চিমনি দিয়ে যেখানে ধোঁয়া বেরোনোর কথা তা না হয়ে বাইরে সমস্ত ধোঁয়া বেরিয়ে যাচ্ছে । এই অবস্থায় একদিকে জীবনের ঝুঁকি নিয়ে যেমন কাজ করতে হচ্ছে, অন্যদিকে তেমনই পরিবেশ দূষণের মাত্রাও প্রতিদিন বাড়ছে । বারে বারে পৌরসভাকে জানিয়েও সমস্যার সমাধান হয়নি বলে তাঁরা অভিযোগ করেছেন ।
মহাশ্মশানের কর্মীদের দাবিকে সমর্থন জানিয়েছেন স্থানীয় বাসিন্দা থেকে মৃতদেহ সৎকারে আসা মানুষজনও । তাঁদের দাবি দীর্ঘদিন এই অবস্থায় পড়ে আছে চিমনিটি । সংস্কারে উদ্যোগী নয় বাঁকুড়া পৌরসভা ।
বাঁকুড়া জেলা বিজেপির সম্পাদক উজ্জ্বল মণ্ডলের দাবি, এখানকার একটি চিমনি দীর্ঘদিন খারাপ হয়ে পড়ে রয়েছে; আর একটি চিমনিও যে কোন সময় খারাপ হয়ে যেতে পারে । কর্মরত ছ’জন শ্রমিকও সমস্যায় রয়েছেন । দ্বিতীয় চুল্লিটিও হঠাৎ খারাপ হয়ে পড়লে বাঁকুড়া ও তৎসন্নিহীত এলাকার মানুষ চরম সমস্যায় পড়বেন । এখানে ‘কাটমানি’র সুযোগ নেই, তাই পৌরকর্তৃপক্ষ এই কাজে উদাসীন বলে তিনি দাবি করেন ।
এই বিষয়ে বাঁকুড়া পৌরসভার উপ পৌর প্রধান হীরালাল চট্টরাজকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ধোঁওয়া বেরোনোর বিষয়টি সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারকে সঙ্গে নিয়ে আমিও দেখে এসেছি । আগামী দু’-এক দিনের মধ্যেই সমস্যার সমাধান হয়ে যাবে । এই মুহূর্তে কর্মীদের সতর্ক হয়ে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে বলে তিনি জানান ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

