উৎসবের মরশুমে আবারও চোখ রাঙাচ্ছে করোনা। নতুন করে ভয় ধরাতে শুরু করছে লাফিয়ে বাড়তে থাকা সংক্রমণের হার। দেশে অ্যাকটিভ কেসের সংখ্যা পার করল ৪ হাজারের গণ্ডি। বড়দিন, বর্ষবরণের ভিড়কে মাথায় রেখে দেশজুড়ে সতর্কতা অবলম্বন করছে প্রশাসনও।
করোনার নয়া সাব-ভ্যারিয়েন্ট জেএন ১ এর রূপ নিয়ে নতুন করে উদ্বেগ বাড়ছে মানুষের মধ্যে। তারই মধ্যে সোমবার স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হল, দেশে অ্যাকটিভ কেসের সংখ্যা ৪ হাজার পেরিয়ে গিয়েছে। বর্তমানে কোভিডের সক্রিয় রোগীর সংখ্যা ৪,০৫৪। ২৪ ঘণ্টা আগে যা ছিল ৩,৭৪২। এর মধ্যে অ্যাকটিভ কেসের সংখ্যা সবচেয়ে বেশি কেরলে। এই রাজ্যেই প্রথম জেএন ১ ভ্যারিয়েন্টের হদিশ পাওয়া গিয়েছিল। একদিনে সেখানে অ্যাকটিভ কেস বেড়েছে ১২৮। যার জেরে শুধু কেরলেই সক্রিয় রোগীর সংখ্যা ৩,০০০ টপকে গেল।
এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, তবে কি ফের বাধ্যতামূলক হতে চলেছে মাস্ক? সাব-ভ্যারিয়েন্ট থেকে বাঁচতে কি নতুন করে টিকা নিতে হবে? বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, জেএন ১ এর সঙ্গে লড়তে কোনও আলাদা টিকা নিতে হবে না। বরং তারা জোর দিচ্ছেন সাবধানতায়। বিশেষ করে ৬০ বছর বা তার বেশি বয়সিদের মধ্যে যাঁদের কোমর্বিডিটি রয়েছে অথবা শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা কম, অথবা কড়া ডোজের ওষুধ খান তাঁদের অতিরিক্ত সতর্ক থাকার প্রয়োজন বলে জানিয়েছে WHO (ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন)। যদিও এখনও পর্যন্ত সর্বত্র মাস্ক বাধ্যতামূলক না হলেও ভিড় এলাকায় মাস্ক ব্যবহারের পরামর্শই দিচ্ছেন বিশেষজ্ঞরা।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

