জোড়া অনুষ্ঠানে জোরদার কলকাতার নিরাপত্তা

বড়দিনে মেতে উঠতে চলেছে পার্কস্ট্রিট । অপরদিকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রয়েছে ‘লক্ষ কন্ঠে গীতাপাঠ’ অনুষ্ঠান । কলকাতায় এই দুই জোড়া অনুষ্ঠানের নিরাপত্তা নিয়ে তৎপর কলকাতা পুলিশ ।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ১০ টি জোনে ভাগ করে চলবে নজরদারি । ২৪ তারিখ পার্কস্ট্রিট সহ শহরের বিভিন্ন জায়গার জন্য মোতায়েন থাকছে ৩ জন ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার; ১০ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদা অফিসার, ৫০ জন ইন্সপেক্টর পদমর্যাদা অফিসার, সাব ইনস্পেকটর ও পুলিশ সার্জেন্ট থাকছেন ২৩৯ জন, অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর ৩০০ জন ও হোমগার্ড থাকছেন ১৪৭২ জন । এছাড়াও ১ জন মহিলা ইনস্পেকটর সহ ৯ জন মহিলা সাব- ইনস্পেকটর , ২৪ জন অ্যাসিস্ট্যান্ট সাব- ইনস্পেকটর ও ১৭৮ জন মহিলা কনস্টেবল । সব মিলিয়ে শুধুমাত্র ২৪ তারিখ সন্ধ্যার জন্য ২২৮৬ পুলিশ বাহিনী থাকবে বলে জানা যাচ্ছে ।

অন্যদিকে জানা যাচ্ছে, ২৫ তারিখের জন্য কলকাতা পুলিশের তরফে থাকছে ৯ জন ডেপুটি কমিশনার পদমর্যাদা অফিসার, ২৫ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদা অফিসার, ৭৫ জন ইনস্পেকটর, ৩০৪ জন সাব ইনস্পেকটর ও পুলিশ সার্জেন্ট । ওই দিনের জন্য হোমগার্ড থাকছে ২০৬৪ জন । ১ জন মহিলা ইনস্পেকটর, ৯ জন সাব ইনস্পেকটর, ৩২ অ্যাসিস্ট্যান্ট সাব- ইনস্পেকটর ও ২৬১ জন মহিলা কনস্টেবল মোতায়েন থাকবে । সব মিলিয়ে ৩১৮৯ পুলিশ বাহিনী মোতায়েন রাখা হবে বলে জানা যাচ্ছে ।

এছাড়াও পিসিআর ভ্যান, কিউআরটি ও এইচআরএফএস প্রস্তুত রাখা হয়েছে লালবাজারের তরফ থেকে । পাশাপাশি জানা যাচ্ছে, রিভার ট্রাফিক পুলিশ প্রস্তুত রাখা হচ্ছে চারটি ঘাটে । পানি ঘাট ১, পানি ঘাট ২, একটি রাখা হচ্ছে জেটিতে, প্রিন্সেপ ঘাটে ডিএমজি (বিপর্যয় মোকাবিলা বাহিনী) দু’টি থাকবে একটি বেলুড় ঘাট ও দক্ষিণেশ্বর ঘাটে । শহরের বিভিন্ন জায়গায় অ্যাম্বুলেন্সের ব্যবস্থা থাকবে । রাস্তায় নামবে মহিলা পুলিশের উইনার্স বাহিনী । বড়দিনের কথা ভেবে পার্কস্ট্রিটে থাকছে একাধিক ওয়াচ টাওয়ার, কুইক রেসপন্স টিম, সিসিটিভি ক্যামেরা । একইসঙ্গে থাকবে কয়েকটি পুলিশ পিকেট । এছাড়াও সারা শহরজুড়ে একাধিক পুলিশ পিকেট ও একাধিক নাকা চেক পয়েন্ট থাকবে বলে জানিয়েছে লালবাজার । ইতিমধ্যেই নিউ মার্কেট, আলিপুর চিড়িয়াখানা, সায়েন্স সিটি-সহ কলকাতার গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে নজরদারি চালাচ্ছেন লালবাজারের গোয়েন্দারা । এছাড়া শপিং মলগুলিতেও চলছে নজরদারি ।

ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লক্ষ কন্ঠে গীতাপাঠ আয়োজিত হতে চলেছে ২৪ ডিসেম্বর । থাকছেন একাধিক ডিসি পদমর্যাদার আধিকারিকরা । একাধিক ভিভিআইপির সমাগমের জন্য একাধিক জায়গাতে থাকছে নাগা চেকিং পয়েন্ট । কোন নাশকতামূলক কাজকে বাঁধা দেওয়ার জন্য থাকবে পুলিশের বিপুল বাহিনী। সমস্ত থানাগুলিকে অ্যালার্ট করা হয়েছে এই বিষয়ে ।

ট্রাফিক পুলিশের প্রস্তুতিও রয়েছে তুঙ্গে । আগামী রবিবার অর্থাৎ ২৪ ডিসেম্বর বিকেল ৪টে থেকে সোমবার অর্থাৎ ২৫ ডিসেম্বর ভোর ৪টে পর্যন্ত পার্ক স্ট্রিট এবং ময়দানমুখী রাস্তায় মালবাহী গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে জানা গিয়েছে । বড়দিন ও ব্রিগেডে গীতাপাঠের জন্য যথেষ্ট তৎপর পুলিশ প্রশাসন । গীতাপাঠের জন্য রবিবার যে কোনও সময়ে ক্যাথিড্রাল রোডে গাড়ি চলাচল বন্ধ করে দিতে পারে পুলিশ । এবং বড়দিনে সোমবার কেবল পূর্বমুখী গাড়িগুলিকেই হো চি মিন সরণি ধরে যাওয়ার অনুমতি দেওয়া হবে ।

পাশাপাশি জানা যাচ্ছে ‘নো পার্কিং জোন’ করা হয়েছে পার্কস্ট্রিট, জহরলাল নেহেরু রোড, উড স্ট্রিট, মিডলটন স্ট্রিট, শর্ট স্ট্রিট, হো-চি-মিন সরণি, ক্যামাক স্ট্রিট, মিডলটন স্ট্রিট, রাফি আহমেদ কিদওয়াই রোড, লিটল রাসেল স্ট্রিট, কিড স্ট্রিট ক্রসিং, এলিয়ট রোড । তাছাড়াও ২ দিনের জন্য ভারতীয় জাদুঘর, ভিক্টোরিয়া মেমোরিয়াল, তারামণ্ডল, আলিপুর চিড়িয়াখানা, পরেশনাথ মন্দির, কালীঘাট মন্দির, নিউ মার্কেট অঞ্চলে নো পার্কিং জোন থাকবে বলেই জানিয়েছে কলকাতা পুলিশ ।

উৎসবের সময় এমনিতেই প্রচুর পরিমাণে মানুষের সমাগম হয় কলকাতায় । রাজ্যে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন কলকাতায় । হিমশিম খেতে হয় কলকাতা পুলিশকে । এবার এই উৎসবের মাঝে আরও এক ইভেন্ট । তাই সব মিলিয়ে জোড়া ২ ইভেন্টের জোড়া ফলায় বহু মানুষের সমাগম হতে চলেছে শহর কলকাতায় । নিরাপত্তায় খানিকটা হলেও চ্যালেঞ্জের মুখে পড়তে হবে কলকাতা পুলিশকে । তবে সেই চ্যালেঞ্জকে সামনে রেখেই প্রস্তুতির শেষ বেলায় কলকাতা পুলিশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube