।। গৌতম রায় ।।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে নেই মহম্মদ সামি। চোটের জন্য দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন তিনি। বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করার পর গোড়ালিতে চোট পান ভারতীয় স্পিডস্টার। মেডিকেল টিম তাঁকে টেস্ট সিরিজে খেলার জন্য সবুজ সঙ্কেত দিল না। প্রথমবার দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জেতার স্বপ্ন দেখছে টিম ইন্ডিয়া। কিন্তু সেই গুরুত্বপূর্ণ সিরিজে তাঁক সার্ভিস পাওয়া যাবে না। জানিয়ে দিল বিসিসিআই। তবে তাঁর পরিবর্তের নাম জানানো হয়নি। ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট।
টেস্ট সিরিজের আগে রবিবার থেকে শুরু হয়ে যাচ্ছে একদিনের সিরিজ। একদিনের সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিলেন দীপক চাহার। পারিবারিক সমস্যার জন্য তাঁর পক্ষে একদিনের সিরিজে খেলা সম্ভব হবে না, ভারতীয় বোর্ডকে জানিয়ে দিলেন চাহার। তাঁর পরিবর্তে বাংলার পেসার আকাশদীপ সিং দলে সুযোগ পেলেন। দক্ষিণ আফ্রিকার পরিবেশে সুযোগ পেলে নিজেকে উজাড় করে দিতে মুখিয়ে আছেন বঙ্গ পেসার।
একদিনের সিরিজে কোচের দায়িত্বে থাকবেন না রাহুল দ্রাবিড়ও। দ্রাবিড় এবং তাঁর সাপোর্ট স্টাফরা কেউই একদিনের সিরিজে দায়িত্বে থাকবেন না। টেস্ট সিরিজকে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে, তাই পুরো কোচিং স্টাফ টেস্ট দলের প্রস্তুতি দেখভাল করবে। দ্রাবিড় ছাড়াও ব্যাটিং কোচ বিক্রম রাঠোর, বোলিং কোচ পরশ মামব্রে ও ফিল্ডিং কোচ টি দিলীপ প্রত্যেকেই টেস্ট দলের ইন্টার স্কোয়াড প্রস্তুতি ম্যাচের দিকে লক্ষ্য রাখবেন। তাঁদের অনুপস্থিতিতে ভারতীয় এ দলের কোচিং স্টাফ একদিনের সিরিজের দলের দায়িত্বে থাকবে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

