ম্যানগ্রোভ কেটে তৈরি হচ্ছে ভেড়ি? নির্বিকার প্রশাসন!

ফের বিঘের পর বিঘে জমির ম্যানগ্রোভ কেটে ভেড়ি তৈরির অভিযোগ উঠছে দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিংয়ে । আবার অন্যদিকে পালিত হচ্ছে সুন্দরবন দিবস । একদিকে যখন ঘটা করে পালিত হচ্ছে সুন্দরবন দিবস, তখনই ম্যানগ্রোভ কেটে তৈরি করা হচ্ছে ভেড়ি !

ক্যানিংঃ একদিকে যখন রবিবার ঘটা করে পালিত হচ্ছে সুন্দরবন দিবস, ঠিক তখন ফের মাতলা নদীর চরের বিস্তীর্ণ এলাকার ম্যানগ্রোভ কেটে মাছের ভেড়ি তৈরির অভিযোগ উঠেছে একদল সমাজ বিরধীদের বিরুদ্ধে । বিঘের পর বিঘে জমির ম্যানগ্রোভ কাটা হয়েছে ক্যানিংয়ের নিকারিঘাটা গ্রাম পঞ্চায়েতের অধীন ডাবু পর্যটন কেন্দ্র লাগোয়া মাতলা নদীর চরে । এ বিষয়ে প্রশাসন কার্যত মুখে কুলুপ এঁটেছে । যদিও ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস এই ঘটনার তীব্র নিন্দা করেছেন । একই সঙ্গে প্রশাসনকে এই বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন ।

আয়লা, ইয়াসের মত ঘূর্ণিঝড়ের পর রাজ্যের মুখ্যমন্ত্রী সুন্দরবন এলাকায় প্রচুর পরিমাণে ম্যানগ্রোভ রোপণের নির্দেশ দিয়েছিলেন । সেই মোতাবেক গোটা দক্ষিণ ২৪ পরগনা জেলার উপকূল এলাকায় কয়েক কোটি ম্যানগ্রোভ চারা বসানো হয়েছিল । কিন্তু একদিকে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী নদী তীরবর্তী এলাকায় ম্যানগ্রোভ রোপণের নির্দেশ দিচ্ছেন, ঠিক তখনই একদল মানুষ নিজেদের স্বার্থ চরিতার্থ করতে ম্যানগ্রোভ কেটে মাছের ভেড়ি তৈরি করছেন । কেটে ফেলা হয়েছে হাজার হাজার ম্যানগ্রোভ । প্রশাসনের নাকের ডগায় এই অসামাজিক কাজ দিনের পর দিন চললেও প্রশাসন কার্যত নির্বিকার।

বছর দু’য়েক আগে এই একই জায়গাতেই বিস্তীর্ণ এলাকার ম্যানগ্রোভ কেটে মাছের ভেড়ি তৈরির অভিযোগ উঠেছিল স্থানীয় কিছু সমাজবিরোধীদের বিরুদ্ধে । শাসক দলের ছত্রছায়ায় থেকে দিনের পর দিন এই ম্যানগ্রোভ ধংসের অভিযোগ উঠেছিল । কিন্তু সেবার সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পরেই নড়েচড়ে বসে প্রশাসন । ক্যানিংয়ের তৎকালীন মহকুমাশাসক আজহার জিয়া নিজে সেই এলাকা পরিদর্শন করে মাছের ভেড়ি ধ্বংসের নির্দেশ দেন ।

সেই বার ভেড়ির বাঁধের মাটি কেটে মিলিয়ে দেওয়া হয় । এলাকায় নতুন করে ম্যানগ্রোভ রোপণের উদ্যোগ নেওয়া হয় । কিন্তু ঘটনার পর দু’বছর কাটতে না কাটতে ফের প্রশাসনের নজরদারির অভাবের সুযোগ নিয়ে নতুন করে ম্যানগ্রোভ কেটে ভেড়ি তৈরি করা হচ্ছে । যদিও ক্যানিং পশ্চিমের বিধায়কের দাবি, “যারা এই কাজ করছে তাঁদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে । আমি পঞ্চায়েতকে বলছি কে বা কারা এই কাজ করছে তার খোঁজ নিতে । সাথে সাথে প্রশাসনকেও এই বিষয়ে খোঁজ নিয়ে আইনে যা যা করনীয় রয়েছে সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করুন।” বিরোধীরা অবশ্য এই কাজে তৃণমূলের হাত রয়েছে বলেই অভিযোগ করেছেন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube