বাঁকুড়ায় আবাস প্রকল্পের হাল খতিয়ে দেখতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়লেন কেন্দ্রীয় প্রতিনিধিদলের সদস্যরা । সোমবার বাঁকুড়া ২ নম্বর ব্লকের একাধিক গ্রামে কেন্দ্রীয় আবাস প্রকল্পের বাড়ি দেখতে যান ন্যাশনাল মনিটরিং সেলের দুই আধিকারিকের একটি দল । সেখানেই তাঁদের পথ আটকান স্থানীয় বাসিন্দারা ।
বাঁকুড়া ২ নম্বর ব্লকের জুনবেদিয়া গ্রাম পঞ্চায়েতের বদড়া ও বনকাটি এলাকায় আবাস প্রকল্পের বাড়ি দেখার পর ফেরার পথে আধিকারিকদের দলটি বিক্ষোভের মুখে পড়েন নবজীবনপুর গ্রামে । প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন ব্লকের গ্রামে ঘুরে ঘুরে তাঁরা খতিয়ে দেখবেন আবাস প্রকল্প সংক্রান্ত বিভিন্ন অভিযোগ ।
আজ সকালে বাঁকুড়া ২ নম্বর ব্লকের বিডিও সহ প্রশাসনিক আধিকারিক ও স্থানীয় গ্রাম পঞ্চায়েতের আধিকারিকদের সঙ্গে নিয়ে প্রথমে বদড়া গ্রামে যায় আধিকারিকদের দলটি । পরে বনকাটি গ্রাম ঘুরে বাঁকুড়া ফেরার সময় ওই আধিকারিক দলের পথ আটকে বিক্ষোভ দেখান নবজীবনপুর গ্রামের বাসিন্দারা ।
তাঁদের অভিযোগ আবাস প্রকল্পের উপভোক্তা তালিকায় নাম থাকা সত্বেও তাঁরা আবাস প্রকল্পের সুবিধা পাননি । গ্রামে নেমে গ্রামবাসীদের বাড়ির অবস্থা ঘুরে দেখার জন্য আধিকারিকদের কাছে দাবি জানাতে থাকেন গ্রামবাসীরা । প্রায় ২০ মিনিট ধরে আধিকারিক দলটিকে রাস্তায় আটকে রেখে বিক্ষোভ চলে । পরে নিরাপত্তারক্ষীরা বিক্ষোভকারীদের সরিয়ে দিলে বেরিয়ে যান আধিকারিকদের দলটি ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

