বিজেপি কর্মীদেরকে মারধর! অভিযুক্ত তৃণমূলের পঞ্চায়েত সদস্যার স্বামী

রবিবার বনগাঁয় বিজেপি কর্মীদেরকে মারধরে অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামীর বিরুদ্ধে । এই ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপির সমর্থকরা । পুলিশ ব্যবস্থা না নিলে অভিযুক্ত তৃণমূল নেতাকে গাছে পিছমোড়া করে বাঁধার হুমকি জেলা বিজেপি সভাপতির ।

উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার গাড়াপোতা গ্রাম পঞ্চায়েতের কলমবাগান এলাকায় কুন্দিপুর গ্রামের পঞ্চায়েত সদস্যা সীমা পান্ডে শর্মার স্বামী অভিজিৎ শর্মার বিরুদ্ধে দুই বিজেপি কর্মীকে মারধরের অভিযোগে বনগাঁ বাগদা সড়কের কলমবাগানে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল বিজেপি কর্মী সমর্থকরা । এদিনের ঘটনায় জানা যায়, রবিবার রাতে দলীয় কর্মসূচি সেরে ফিরছিলেন প্রণব ঘোষ এবং তন্ময় বিশ্বাস নামে দুই বিজেপি কর্মী । অভিযোগ ওঠে সেই সময় কুন্দিপুর গ্রামের পঞ্চায়েত সদস্যা সীমা পান্ডে শর্মার স্বামী অভিজিৎ শর্মা তাঁদের উপর অতর্কিত হামলা চালায় । ঘটনার পর অভিযুক্ত অভিজিৎ শর্মার বিরুদ্ধে বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্ত বিজেপি কর্মীরা ।

ঘটনার প্রতিবাদ জানিয়ে সোমবার দুপুরে কলমবাগান বাজারে বনগাঁ বাগদা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা । এদিনের এই পথ অবরোধে হাজির ছিলেন বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি দেবদাস মন্ডল । আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পুলিশ ব্যবস্থা না নিলে বনগাঁ থানা ঘেরাওয়ের হুমকি দিয়েছেন জেলা সভাপতি । এদিন তিনি অভিযুক্ত অভিজিৎ শর্মাকে গাছে পিছমোড়া দিয়ে বেঁধে রেখে পুলিশের হাতে তুলে দেওয়ার হুমকি দেন ।

অন্যদিকে এই অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত তৃণমূলের পঞ্চায়েত সদস্যার স্বামী অভিজিৎ শর্মা । তিনি তাঁকে মারধরের পাল্টা অভিযোগ তুলেছেন এবং তিনি বনগাঁ থানার দ্বারস্থ হয়েছেন বলেও জানিয়েছেন । বিজেপি জেলা সভাপতির বিরুদ্ধে তিনি আরও অভিযোগ করে জানান, এই দেবদাস মন্ডলই তাঁর বাবাকে খুন করেছিল ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube