খিদিরপুরের সাউথ পোর্ট থানা এলাকা থেকে রহস্যজনকভাবে উদ্ধার হল এক মহিলার মৃতদেহ । প্রতিবেশীদের ডাকাডাকিতে দরজা না খোলায় সন্দেহ হয় তাঁদের । পরে ঘরের ভিতর ঢুকে তাঁর মৃতদেহ উদ্ধার করেন তাঁরা ।
খাস কলকাতায় আবারও সামনে আসছে রহস্যজনক মৃত্যু । খিদিরপুর সাউথ পোর্ট থানা এলাকার ডক ইস্ট বাউন্ডারি রোড থেকে বছর ৪০-এর আঞ্জুয়ারা খাতুন মোল্লা নামের এক মহিলার দেহ উদ্ধার হয় । উদ্ধার হওয়া দেহটিকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় ।
সূত্রের খবর, বিয়ে হয়ে যাবার পরও কুড়ি বছর ধরে স্বামী-স্ত্রীর সম্পর্ক ভাল ছিল না । সম্পর্কের টানাপোড়েন আদালতে গিয়েও পৌঁছেছিল বলে খবর । ডিভোর্স মামলাও চলছিল যেটাতে জিতে গিয়েছিলেন আঞ্জুয়ারা । তবে মাঝেমধ্যেই রাতের বেলা আঞ্জুয়ারার বাড়িতে আসতেন তাঁর স্বামী । কখনও দরজা খুলতেন তার স্ত্রী আবার কখনও বা দরজা খুলতেন না তিনি ।
প্রতিবেশীরা জানাচ্ছেন যে, গতকালকেও রাতে এসেছিলেন আঞ্জুয়ারা স্বামী । এবং আজ রবিবার জলের গাড়ি আসতে পাড়া-প্রতিবেশীরা আঞ্জুয়ারাকে ডাকতে গেলে দরজা খোলেননি তিনি । এরপর পাড়া-প্রতিবেশীরাই ঘরে ঢুকে দেখেন কম্বল গায়ে দিয়ে শুয়ে আছেন আঞ্জুয়ারা ।
এদিনের ঘটনায় পুলিশ মনে করছেন যে, শ্বাসরুদ্ধ করেই তাঁকে মারা হয়েছে । দেহটি ইতিমধ্যে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । পুলিশ সূত্রের খবর, আঞ্জুয়ারা যে মোবাইল ফোন ব্যবহার করতেন সে মোবাইল ফোনও খুঁজে পাচ্ছেন না পুলিশ । ঘটনার পর থেকে তাঁর স্বামী নিখোঁজ । তাই সন্দেহের তির যাচ্ছে তাঁর স্বামীর দিকেই ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

