রাজ্য সরকারের দুয়ারে সরকার প্রকল্পের আওতায় রেশন দোকান থেকে দেওয়া হল মেয়াদ উত্তীর্ণ আটার প্যাকেট। প্যাকেট খুলতেই দেখা গেল, ভিতরে কিলবিল করছে পোকা । যথারীতি আতঙ্কিত গ্রাহকরা । ঘটনাটি ঘটেছে ডোমজুড়ের সলপ ডাসপাড়া এলাকায় ।
রেশন দোকান থেকে আটা নিয়ে এসে চক্ষু চড়ক গাছ গৃহস্থের । ডোমজুড়ের সলপ ডাসপাড়া এলাকার বেশ কয়েকটি বাড়িতেই সেই আটার প্যাকেট খুলতেই তাঁরা দেখেন প্যাকেটের ভিতরে কিলবিল করছে পোকা । সন্দেহ হতেই তৎক্ষণাৎ আটার ‘এক্সপায়ারি ডেট’ দেখতে গেলে দেখা যায় সেই প্যাকেটের মেয়াদ প্রায় দেড়মাস পার করেছে । ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায় ।
অতি সম্প্রতি রেশন দোকান থেকে সেই আটা সংগ্রহ করে নিয়ে আসেন ডাসপাড়ার একাধিক পরিবার । রাতে সেই আটার প্যাকেট কেটে রুটি করতে গেলে দেখা যায় আটার মধ্যেই কিলবিল করছে বড় বড় পোকা । পরবর্তীতে সেই আটার প্যাকেট নিয়ে রেশন দোকানে যান স্থানীয় বাসিন্দারা । রেশন ডিলার ভুল স্বীকার করলেও এই গাফিলতি কার, সে বিষয়ে তাঁদের কিছুই জানা নেই বলেই জানান । এখন প্রশ্ন উঠছে মানুষের নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্যের বন্টন কি সঠিকভাবে করা যেত না? গাফিলতি কার সে বিষয়ে সম্পূর্ণ ঘটনা তদন্ত শুরু করা হয়েছে বলে জেলা খাদ্য দফতর সুত্রে জানা যাচ্ছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

