‘যদি বর্ষে আঘনে/রাজা যায় মাগনে’ খনার এই বচনই যেন অক্ষরে অক্ষরে মিলতে চলেছে । ঘূর্ণিঝড় ‘মিগজাউমে’র জেরে সারা রাজ্যের সঙ্গে বৃষ্টি শুরু বাঁকুড়া জেলা জুড়ে । বুধবার থেকে শুরু হওয়া এই ‘অকাল’ বৃষ্টির জেরে মাথায় হাত এই জেলার কৃষিজীবি মানুষের ।
আপাতত এই বৃষ্টিতে সবচেয়ে বেশী ক্ষতির আশঙ্কা করছেন ধান চাষীরা । সঙ্গে আলু সহ অন্যান্য মরশুমী শাক সবজির চরম ক্ষতির সম্ভাবনাও রয়েছে বলে মনে করছেন তাঁরা । বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় বাঁকুড়া জেলায় ৪৫.৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে খবর । সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস । প্রায় শিল্প বিহীন কৃষি নির্ভর এই জেলায় আঞ্চলিক অর্থনীতির অন্যতম মূল উৎস ধান ও আলু চাষ । মূলত এই দুই ধরণের চাষাবাদ করেই জীবিকা নির্বাহ করেন একটা বড় অংশের মানুষ ।
জমি থেকে ধান কেটে ঘরে তোলা ও আলু চাষ শুরুর প্রাক্ মুহূর্তে ঘূর্ণিঝড় ‘মিগজাউমে’র প্রভাবে এই বৃষ্টিতে সর্বসান্ত হওয়ার পথে কৃষিজীবি মানুষ । মূলতঃ বাঁকুড়ার বিষ্ণুপুর মহকুমার কোতুলপুর, জয়পুর, ইন্দাস ও পাত্রসায়র সহ একাধিক ব্লকে আলু ও ধানে ব্যাপক ক্ষতি হয়েছে । তাঁদের এখন পাকা ধানে মই দেওয়ার মত অবস্থা তৈরি হয়েছে । কৃষকদের পাকা ধানের উপর দিয়ে বইছে জল । সদ্য বোপন করা আলুচাষের জমি এখন জলের তলায় ।
কৃষকদের আশঙ্কা পাকা ধান জলের তলায় থাকার ফলে সেই ধানে অংকুর বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং অন্যদিকে পচে নষ্ট হয়ে যেতে পারে আলুর বীজ । এর ফলে তাঁদের ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে বলে তাঁরা মনে করছেন । অনেকেই ঋণ নিয়ে আলু চাষ করেছিলেন কিন্তু এই বৃষ্টির কারণে আলুর বীজ পচে যাওয়ায় চিন্তায় ঘুম উড়েছে কৃষকদের ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

