ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে দক্ষিণবঙ্গে যেন থমকে গিয়েছে শীত। সরাসরি কোনও প্রভাব না পড়লেও পরোক্ষ প্রভাবে আপাতত ২-৩ দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জন্য হলুদ সতর্কতা জারি করেছে মৌসম ভবন। আজ কেমন থাকবে রাজ্যের আবহাওয়া?
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধ, বৃহস্পতি এবং শুক্রবার আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে শীতের পথে কার্যত কাঁটা। ডিসেম্বর চলে এলেও জাঁকিয়ে শীত এখনও পড়েনি। এরই মধ্যে ঘূর্ণিঝড়ের জেরে আবহাওয়ার বদল। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে আবহাওয়ার বদল হবে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। ঝোড়ো হওয়া বইতে পারে উপকূলের জেলাগুলিতে। হাওয়া অফিস আরও জানিয়েছে, চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বৃষ্টি চলবে। মঙ্গলবার বেশ কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। বুধবার এবং বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান ও নদিয়ায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া এবং কলকাতায়। দিনভর মেঘলা থাকবে আকাশ।
আবহাওয়া অফিসের পূর্বাভাস, আগামী ৮ তারিখ থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। ৯ তারিখের পর থেকে মেঘমুক্ত ঝলমলে আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে। তবে শীতের স্পেল শুরু হয়ে যাবে। নামবে দক্ষিণবঙ্গের তাপমাত্রাও। উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সপ্তাহের শেষে দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির পূর্বাভাস। সামান্য বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে মূলত শুষ্ক থাকবে আবহাওয়া। তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই এই সপ্তাহে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

