পুরুলিয়ার বলরামপুরে বিশ বাঁও জলে পড়ে রয়েছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প পথশ্রী । রাস্তা তৈরির ছয় মাস না পেরোতেই এক্কেবারে জরাজীর্ণ অবস্থা পথশ্রী প্রকল্পের ওই রাস্তার । এই নিয়ে ইতিমধ্যেই শুরু রাজনৈতিক তরজা ।
জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে পথশ্রী প্রকল্পের রাস্তা । যার জেরে উঠছে নানান প্রশ্ন । কাটমানি ও নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগও আসছে সামনে । পশ্চিমবঙ্গ সরকারের পথশ্রী প্রকল্পের অর্থানুকুল্যে নির্মিত এই ঢালাই রাস্তাটির অবস্থান পুরুলিয়া জেলার বলরামপুর ব্লকের নামশোল থেকে রাইমল বড় ময়দান পর্যন্ত । যা নির্মাণের ছয় মাস পার হতে না হতেই কঙ্কালসার চেহারায় পরিণত হয়েছে ।
রাস্তার ঢালাই থেকে দাঁতের মতো পাথর উঠে এসেছে বিস্তীর্ণ অংশে । বিভিন্ন জায়গায় ঢালাই রাস্তা বসে গিয়েছে, আবার কিছু অংশে ধরেছে ফাটল । নির্মাণের এত কম সময়ের মধ্যে কীভাবে এমন করুণ অবস্থা হল রাস্তার তা নিয়ে উঠছে প্রশ্ন । আর তাতেই এলাকাবাসী থেকে শুরু করে স্থানীয় বিরোধী দলের নেতৃত্বরা প্রশাসন সহ তৃণমূল ও সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলছেন ।
পুরুলিয়া জেলার বলরামপুর পঞ্চায়েত সমিতির অর্থানুকুল্যে নির্মিত ১,৪৫০ মিটার দৈর্ঘ্য ঢালাই রাস্তাটি নির্মাণে ইতিমধ্যেই সরকারি কোষাগার থেকে ৫৩ লক্ষ টাকা ব্যয় হয়েছে । অন্যদিকে এই রাস্তাটি জনবহুল এলাকার মধ্যেও নয় । নামে রাইমল বড় ময়দান হলেও সেখানে কোন ধরণের খেলাধুলাও হয় না । বিরোধীদের প্রশ্ন, এই ঢালাই রাস্তাটি তবে কার স্বার্থে নির্মিত? শুধু মাত্র নির্মাণকারী এজেন্সীর মুনাফালাভের জন্যই কি পরিকল্পনায় করা হয়েছিল ? নাকি কোন বড় অঙ্কের কাটমানি সংগ্রহ করতে এই নিম্নমানের কাজ করা হয়েছে ?
যদিও এবিষয়টি সরজমিনে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বলরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি । সবমিলিয়ে নামশোল থেকে রাইমল বড় ময়দান ঢালাই রাস্তা নির্মাণের ছয় মাসে যে কঙ্কালসার চেহারা নিয়েছে, তা যে কোনো ভাঙাচোরা মাটির রাস্তাকেও হার মানাবে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

